পটুয়াখালী, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীর গলাচিপা উপজেলায় পূর্ব শত্র“তার জেরে বিষ দিয়ে প্রতিপক্ষের তরমুজ ক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে।
এই অভিযোগে রোববার গোলখালী ইউনিয়ন পরিষদ সদস্য মোস্তফা মাতবরের বিরুদ্ধে মামলা করেছেন ক্ষতিগ্রস্ত তরমুজ চাষি আনোয়ার মোল্লা।
গলাচিপা থানার ওসি এস এম জিয়াউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলায় মোস্তফাসহ কয়েকজনকে আসামি করা হয়েছে।
প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।
তরমুজ চাষি আনোয়ার মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোস্তফা মেম্বার কিছুদিন আগে তরমুজ ক্ষেত নষ্ট করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। শনিবার গভীর রাতে ক্ষেতে গিয়ে মেম্বারসহ তার সাঙ্গপাঙ্গদের দেখতে পান আনোয়ার। তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে দুস্কৃতিকারীরা পালিয়ে যায়। এ সময় লোকজন ক্ষেত ভিজা দেখতে পায়।
রোববার সকালেই ক্ষেত মরে যায়, বলেন তিনি।
আনোয়ার আরো অভিযোগ করেন, ওষুধ ছিটানোর আগে মেম্বারের লোকজন প্রায় ৫০ হাজার টাকার তরমুজ তুলে নিয়ে গেছে। এতে তার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
গলাচিপা উপজেলা কৃষি কর্মকর্তা ফজলুল হক ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, ক্ষেত নষ্ট করার জন্য আগাছা নাশক ২-৪ ডি অথবা রনস্টার জাতীয় কোনো ওষুধ ছিটানো হয়েছে।
ইউপি চেয়ারম্যান গোলাম গাউস তালুকদার নিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই মেম্বারের সঙ্গে আনোয়ারের পূর্ব বিরোধ ছিল। তবে, এ ঘটনার সঙ্গে মেম্বার জড়িত কিনা তা তিনি বলতে পারেননি।
মোস্তফার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৩৪ ঘ.
bdnews24