ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দায়ের মামলায় অভিনয়শিল্পী দম্পতি তৌকির আহমেদ ও বিপাশা হায়াতকে তলব করেছে আদালত।
সোমবার মহানগর হাকিম মো. শাহাদত হোসেন আগামী ৪ এপ্রিল তাদের সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে সকালে একই আদালতে তৌকিরের বোন তানজিন হায়দার মামলাটি করেন।
সুইডেন প্রবাসী তানজিন অভিযোগে বলেছেন, গাজীপুরের রাজেন্দ্রপুরে ‘নক্ষত্রবাড়ি রিসোর্ট অ্যান্ড কনভেনশন সেন্টার’ করার জন্য তৌকির ও বিপাশার সঙ্গে মিলে তারা একটি কোম্পানি গঠন করেন। এ কোম্পানির চেয়ারম্যান হন তানজিনের স্বামী সৈয়দ আলী হায়দার, আর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নেন তৌকির।
তানজিনের দাবি, এই রিসোর্ট নির্মাণের জন্য তিনি ও আলী হায়দার মিলে নগদ ১৫ লাখ টাকা এবং ব্যাংকের মাধ্যমে ১ লাখ ৭৭ হাজার ৪২২ ডলার তৌকিরকে হস্তান্তর করেন। এ জন্য তিনি টাঙ্গাইলে পৈত্রিক সম্পত্তিও বিক্রি করেন।
কিন্তু তৌকির ও বিপাশা ওই অর্থ দিয়ে ‘প্রতারণামূলকভাবে’ নিজেদের নামে জমি কিনে নক্ষত্রবাড়ি রিসোর্ট গড়েন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। তানজিন বলেছেন, তাদের এখন ওই রিসোর্টে যেতে দেওয়া হচ্ছে না, বরং হুমকি দেওয়া হচ্ছে।
এ বিষয়ে তৌকির-বিপাশাকে গত জানুয়ারিতে আইনি নোটিশ দেওয়ার পরও তারা বিষয়টির ফয়সালা না করায় এই মামলা করেছেন বলে আর্জিতে উল্লেখ করেন তানজিন।
মামলায় সাক্ষী করা হয়েছে মোট সাত জনকে। আসামিদের পক্ষে মামলা লড়বেন অ্যাডভোকেট জাকারিয়া হায়দার।
তৌকির ও বিপাশা দুজনেই উনিশ শ’ নব্বইয়ের দশকে টেলিভিশন ও মঞ্চের জনপ্রিয় অভিনয় শিল্পী। অভিনেতা আবুল হায়াতের মেয়ে বিপাশা আগুনের পরশমণি চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। আর মুক্তিযুদ্ধ নিয়ে চলচ্চিত্র ‘জয়যাত্রা’ নির্মাণ করে তৌকির আহমেদ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ২০০৪ সালে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৬১৬ ঘ.
bdnews24