২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের পাহাড় সংরক্ষণের নির্দেশ

পাহাড় কাটার ক্ষেত্রে পরিবেশগত ছাড়পত্র ও পরিবেশগত প্রভাব মূল্যায়ন গ্রহণ বাধ্যতামূলক উল্লেখ করে তা নিশ্চিত করতে বলেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2012, 09:17 AM

Updated : 24 Aug 2022, 11:00 AM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় পাহাড় সংরক্ষণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি পাহাড় কাটার ক্ষেত্রে পরিবেশগত ছাড়পত্র ও পরিবেশগত প্রভাব মূল্যায়ন (ইআইএ) গ্রহণ বাধ্যতামূলক উল্লেখ করে আদালত তা নিশ্চিত করতে বলেছে। যারা এই নিয়ম মানবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক (চট্টগ্রাম) এবং চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের জেলা প্রশাসকদের এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) একটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ সোমবার এ রায় দেয়। আবেদনকারীর আইনজীবী ইকবাল কবির লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই রায়ের পর এখন কেউ যদি কোন কারণে পাহাড় কাটতে চায়, তাহলে তাকে ইআইএ মূল্যায়ন করতে হবে। মূল্যায়নের কাগজপত্র পরিবেশ অধিদপ্তরে জমা দিয়ে ছাড়পত্র নিতে হবে। পরিবেশ অধিদপ্তর এই আবেদন মঞ্জুর বা বাতিল করতে পারবে।” পাহাড় কাটার ফলে দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে গত বছরের ২৩ অগাস্ট জনস্বার্থে এই রিট আবেদন করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। প্রাথমিক শুনানি শেষে আদালত ওইদিন রুল জারি করে। রিট আবেদনে বলা হয়, পাহাড় কাটার মাধ্যমে ইমারত নির্মাণ বিধিমালা-১৯৫২, পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ-১৯৫৯ সহ বিভিন্ন সময়ে জারি করা পরিপত্র লংঘন করে পাহাড় কাটা চলছে ওই পাঁচ জেলায়। রাষ্ট্রপক্ষে আদালতে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইয়াদিয়া জামান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/১৫১২ ঘ.