ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যে প্রবাসীদের চাহিদা পূরণ করতে পারছে না- তা নিজেই স্বীকার করলেন মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। আর এজন্য দূতাবাস ও মিশনের কর্মকর্তাদের দায়ী করেছেন তিনি।
বিভিন্ন দেশে বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের নিয়ে বুধবার শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠকের পর প্রবাসী কল্যাণ ও শ্রমমন্ত্রী সাংবাদিকদের বলেন, “মন্ত্রণালয়ের কাছে প্রবাসীদের যে চাহিদা- তা পূরণ করতে মন্ত্রণালয় ব্যর্থ হয়েছে। বাংলাদেশি মিশনের দায়িত্বপ্রাপ্ত শ্রম কর্মকর্তারা ঠিকমতো দায়িত্ব পালন করেন না। মন্ত্রণালয়ের দুর্বলতার কারণে বিদেশে বাংলাদেশি শ্রমিকেরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।”
এই ধারা অব্যাহত থাকলে রেমিট্যান্স প্রবাহে বিরূপ প্রভাব পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
মন্ত্রী বলেন, বিশ্বে অর্থনৈতিক মন্দার সময়েও প্রবাসীদের পাঠানো অর্থ দেশের অর্থনীতির চাকা সচল রেখেছে।
“দেশে বৈধ উপায়ে রেমিট্যান্স আসাকে সরকার উৎসাহিত করছে। এজন্য প্রবাসী বাংলাদেশিদের নগদ সহায়তা (ইনসেনটিভ) দিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকারকে প্রস্তাব দেওয়া হয়েছে।”
এর আগে বৈঠকে তিনি দূতাবাস ও মিশনের শ্রম কর্মকর্তাদের উদ্দেশে বলেন, শুধু শ্রমিকদের কাগজপত্রে সই করাই তাদের দায়িত্ব নয়। শ্রমিকদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ ও তাদের সুবিধা-অসুবিধা জেনে সহযোগিতা করাও তাদের রাষ্ট্রীয় কর্তব্য।
“বিদেশি কোন প্রতিষ্ঠান দেশ থেকে শ্রমিক নেওয়ার জন্য চাহিদাপত্র পাঠালে তা যাচাই-বাছাই করতে প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করতে হবে। বিদেশে শুধু বাংলাদেশি পতাকাসহ গাড়ি চড়ে বেড়ালে হবে না। আমাদের শ্রমবাজার আরো সম্প্রসারণ করার চিন্তা করতে হবে”, বলেন মন্ত্রী।
কাজ নিয়ে বিদেশে যাওয়ার পর কেউ যাতে প্রতারিত না হন তা নিশ্চিতে করণীয় নির্ধারণের জন্যও শ্রম কর্তকর্তাদের নির্দেশ দেন মন্ত্রী।
লিবিয়া ও ইরাকে বৈধভাবে জনশক্তি রফতানি প্রক্রিয়া শুরুর আগেই এ বিষয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচার নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সুনির্দিষ্ট তথ্য ছাড়া বিজ্ঞাপন না দিতে জনশক্তি রপ্তানিকারকদের সর্তক করা হয়েছে।
বিদেশে কোনো ঘটনা ঘটলে দূতাবাস কর্মকর্তারা তথ্য পেতে গণমাধ্যমকে সহযোগিতা করেন না- এমন অভিযোগ প্রসঙ্গে খন্দকার মোশাররফ বলেন, “সরকার তথ্য অধিকার আইন করেছে। সঠিক তথ্য দিলে গণমাধ্যমে সঠিক সংবাদ পরিবেশ হবে। তবে এমন তথ্য দেওয়া উচিত নয়, যার কারণে বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ ক্ষুণœ হয় কিংবা সংশ্লিষ্ট দেশের সঙ্গে মতানৈক্য সৃষ্টি হয়।”
মন্ত্রী বলেন, শ্রমিকদের সব সমস্যা একদিনে সমাধান করা সম্ভব নয়। তবে ‘গুরুত্বপূর্ণ ইস্যুতে’ মিশনের কর্মকর্তাদের দায়িত্বশীল হতে হবে। মিশনের জনবল সঙ্কটসহ বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেও কাজ করে যেতে হবে।
মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক হযরত আলীসহ বিভিন্ন মিশনে কর্মরত প্রায় ২০ জন শ্রম কর্মকর্তা মন্ত্রীর সঙ্গে এ বৈঠকে অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৪৪৬ ঘ.
bdnews24