২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজে ব্যয় বাড়ছে ৪৪ হাজার টাকা

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহীদের জন্য মোট ৩ লাখ ৩ হাজার ৪৪০ টাকার প্যাকেজের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2012, 08:32 AM

Updated : 24 Aug 2022, 11:00 AM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবার সরকারি ব্যবস্থাপনায় হজ করতে ব্যয় হবে তিন লাখ তিন হাজার ৪৪০ টাকা, যা গত বছরের তুলনায় ৪৪ হাজার টাকা বেশি। হজযাত্রীদের খাবার বাবদ ১৮ হাজার ৩৭৫ টাকা যোগ করে সোমবার এই হজ প্যাকেজের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসেইন ভূইঞা সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জাানন। তিনি বলেন, গত বছরের তুলনায় মার্কিন ডলার ও সৌদি রিয়ালের মূল্য বৃদ্ধি পেয়েছে এবং নতুন করে খাওয়ার খরচ যোগ হওয়ায় এবার ব্যয় বেড়েছে। মার্কিন ডলার ৭৪ টাকার জায়গায় ৮২ টাকা এবং সৌদি রিয়ালের মূল্য ২০ টাকার জায়গায় ২১ টাকা হয়েছে। গত বছর সরকারি ব্যবস্থাপনায় হাজযাত্রীদের কাছ থেকে নেওয়া হয়েছিল মোট দুই লাখ ৫৯ হাজার ৪২ টাকা। খাবার ব্যয় তাদের নিজেদেরই বহন করতে হয়েছে। এ বছরই প্রথম খাবার ব্যয় হজ প্যাকেজের অর্ন্তভুক্ত করা হয়েছে বলে উল্লেখ করেন সচিব। এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট এক লাখ ২০ হাজার বাংলাদেশি হজে যাবেন- এমন আশা প্রকাশ করে সচিব বলেন, প্রত্যেক বছরই বাংলাদেশ থেকে হাজযাত্রীর সংখ্যা বাড়ছে। বেসরকারি ব্যবস্থাপনায় যারা হজে যাবেন, তাদের জন্য কোনো প্যাকেজ নির্ধারণ হয়নি জানিয়ে মোশাররাফ হোসেইন ভুইঞা বলেন, “শুধু সরকারি ব্যবস্থাপনার হাজযাত্রীদের জন্যই প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এটা হচ্ছে ন্যূনতম ব্যয়। বেসরকারিভাবে ব্যয় হবে সরকারি ব্যয়ের চেয়ে কিছুটা বেশি।” সচিব বলেন, এ বছর বেসরকারি ব্যবস্থাপনায় হাজযাত্রীদের সৌদি আরবে পাঠানোর ক্ষেত্রে হজ এজেন্টদের সরকারের কাছে প্রতিবেদন দিতে হবে। কোন এজেন্ট কি ধরণের অর্থ নিয়ে হাজীদের পাঠাচ্ছে, তা নিয়মিতভাবে ধর্ম মন্ত্রণালয়কে জানানো বাধ্যতামূলক করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০১২’ এবং ‘পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক (অবসর গ্রহণ) (বিশেষ বিধান) আইন, ২০১২’-এর খসড়াও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান তিনি। এ দুটি আইনের খসড়া পাসের জন্য জাতীয় সংসদে উপস্থাপন করা হবে বলে সচিব জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৪২৪ ঘ.