ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, স্বাধীনতার সময় আমরা যে আয়তন নিয়ে জন্মেছিলাম সে আয়তন বেড়েছে, তা আরো বাড়বে।
রোববার জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধির ৩০০ বিধিতে সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সঙ্গে বিরোধে জার্মানির হামবুর্গের ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দি ল অব দি সী’র (আইটিএলওএস) রায় বিষয়ে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, জাতির স্বার্থে সাহসী ও যুগান্তকারী সিদ্ধান্ত নিতে আমরা দ্বিধাবোধ করি না।
“আমরা আন্তর্জাতিক আইনের মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে বিশ্বাসী।”
জার্মানির হামবুর্গের সমুদ্র আইনবিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বুধবার যে রায় দেয় তাতে বঙ্গোপসাগরে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অধিকার প্রতিষ্ঠিত হয়। এছাড়া ২০০ নটিক্যাল মাইল ছাড়িয়ে মহীসোপানের বাইরের সামুদ্রিক সম্পদেও বাংলাদেশের অধিকার সুনিশ্চিত হয়।
এ রায়ের বিরুদ্ধে মিয়ানমারের আপিলের কোনো সুযোগ না থাকা প্রসঙ্গে দীপু মনি বলেন, “এ রায় বাধ্যতামূলক। এ রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ নেই।”
দেশের পররাষ্ট্রনীতি বিষয়ে মন্ত্রী বলেন, “আমরা পররাষ্ট্রনীতিকে কোথাও কোনো জায়গায় নতজানু করি না, করিনি। মিয়ানমারের বাধা ব্যতিরেকে আমরা বঙ্গোপসাগরে মৎস্য আহরণ ও খনিজ সম্পদ আহরণের কাজ শুরু করতে পারি।”
“১৯৭৪ সালে বঙ্গবন্ধু মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক সীমানা নির্ধারণের প্রস্তাব দিয়েছিলেন এ রায় ওই আলোচনারই অনুরূপ।”
১৯৭৪ সালেই বাংলাদেশ সমুদ্রসীমা বিষয়ক প্রথম আইন পাশ করে।
বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার বঙ্গোপসাগরে মিয়নমারের জলসীমাকে ৩০ থেকে ১২২ নটিক্যাল মাইলের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছিল বলে উল্লেখ করেন দীপু মনি।
মন্ত্রী বলেন, “পূর্ববর্তী সরকার কিছু ব্লক নির্ধারণ করার মতো হটকারী সিদ্ধান্ত নেয়। আমার ন্যায্য দাবির জন্য অন্যের দাবি মানব না এটা কী রকম কথা!”
আগের সরকারের এ সিদ্ধান্তে দেশের প্রকৃত দাবিকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হয় বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।
বিবৃতি দেওয়ার সময় সংসদ অধিবেশনের ফ্লোরে সাংসদদের মুখোমুখি তিন দিকে এলসিডি টিভিতে পুরো প্রক্রিয়া পাওয়ার পয়েন্ট ডিসপ্লে করা হয়। ভিভিআইপি এবং সচিব গ্যালারির দেওয়ালে দুই স্ক্রিনে সমুদ্রসীমা সংক্রান্ত উপাত্ত দেখান হয়।
বিবৃতি দেওয়ার সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। মন্ত্রীর বক্তব্যের মাঝে মাঝে মহাজোটের সাংসদরা টেবিল চাপড়ে তাকে উৎসাহ ও সমর্থন যোগায়।
বিবৃতি শেষে বিরোধী দলের সাংসদরা ছাড়া পুরো সংসদ অনেকক্ষণ ধরে টেবিল চাপড়ে বিবৃতির সমর্থন জানায়।
পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পরই স্পিকার আবদুল হামিদ অধিবেশন সোমবার বিকাল ৫টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেন।
এরপর অধিবেশন থেকে প্রধানমন্ত্রী বেরিয়ে যাওয়ার সময় পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানানোর সময় শেখ হাসিনা তাকে জড়িয়ে ধরেন। এ সময় আবেগাপ্লুত মন্ত্রী কেঁদেও ফেলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/পিডি/২১০২ ঘ.
bdnews24