২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমুদ্রসীমা: ভারতের সঙ্গেও আশানুরূপ রায়ের আশা

মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির পর আন্তর্জাতিক আদালতে ভারতের সঙ্গেও জয়ের আশা করছেন পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2012, 12:09 PM

Updated : 24 Aug 2022, 11:00 AM

টাঙ্গাইল, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির পর আন্তর্জাতিক আদালতে ভারতের সঙ্গেও জয়ের আশা করছেন পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি। রোববার টাঙ্গাইলে এক অনুষ্ঠানে তিনি বলেন, “সমুদ্রসীমা নির্ধারণে সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছিল, যার ফলে মিয়ানমারের সঙ্গে আশানুরূপ রায় পেয়েছি। ভারতের সঙ্গেও ২০১৪ সালের মধ্যে আশানুরূপ রায় পাব। “আমরা অনেক ধাপ এগিয়ে গিয়েছি। এই এগিয়ে যাওয়াকে অনেকে ভাল চোখে দেখে না। তারা ইতিহাসকে বিকৃত করার জন্য বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে। ষড়ন্ত্রকে রুখতে হবে। এ জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।” মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সমুদ্রসীমা বিরোধ দীর্ঘ ৩৮ বছর পর বুধবার নিষ্পত্তি হয় ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অব দ্য সী’র (আইএলটিওএস) এক রায়ে। এদিকে ২০০৯ সালে বঙ্গোপসাগরে সমুদ্রসীমা বিরোধ নিয়ে বাংলাদেশ ও ভারত হেগের স্থায়ী সালিশ আদালতে যায়। আদালতে বিষয়টি নিষ্পত্তি হওয়ার কথা ২০১৪ সালের মধ্যে। ১৯৭৪ সালে বাংলাদেশ টেরিটরিয়াল ওয়াটার অ্যান্ড মেরিটাইম জোনস অ্যাক্ট করার পর ভারত ও মিয়ানমার বাংলাদেশের ঘোষিত বেইজলাইন বিষয়ে প্রতিবাদ জানিয়েছিল। মিয়ানমারের সঙ্গে রায়ের তিন দিন পর শনিবার ঢাকায় ভারতের নতুন হাই কমিশনার পঙ্কজ শরণ পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দেখা করে বলেছেন, ভারত দ্বিপাক্ষিকভাবে বাংলাদেশের সঙ্গে সমুদ্রসীমা সমাধানে আগ্রহী। জবাবে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির সালিশ প্রক্রিয়া এগিয়ে চলেছে। দীপু মনি দুপুরে টাঙ্গাইল মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠানে যোগ দিতে আসেন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘প্রত্যয় ৭১’ ও ‘মুক্ত মঞ্চ’ উদ্বোধন করেন। অনুষ্ঠানে দীপু মনি গণমাধ্যমের সমালোচনা করে বলেন, কোনো নেতিবাচক খবর পত্রিকা এবং টিভি চ্যানেল অনেক বড় করে প্রচার করে, কিন্তু ভাল খবর তেমনভাবে প্রচার করে না। অধ্যাপক ড. এম নুরুল ইসলামের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী, টাঙ্গাইল জেলা পরিষদ প্রশাসক ফজলুর রহমান খান ফারুক, লেখক সাংবাদিক আনিসুল হক প্রমুখ। দীপু মনি নতুন প্রজন্মকে সুষ্ঠু রাজনৈতিক ধারার প্রতি সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, মানুষ রাজনীতিকে নোংরাভাবে দেখে। এটা ঠিক নয়। কারণ, রাজনীতি ছাড়া দেশ উন্নত হতে পারে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮০০ ঘ.