ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তফসিল ঘোষণার আগে ঢাকায় লাগানো সব নির্বাচনী পোস্টার-ব্যানার সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
একটি রিট আবেদনে রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এই আদেশ দেয়।
আদালতের আদেশে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় ডিসিসি নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের যাবতীয় বেআইনি হোর্ডিং, পোস্টার, ব্যানার, তোরণ, গেইট, দেয়াল লিখনসহ প্রচারের অন্যান্য উপকরণ অপসারণ করতে হবে।
১০ দিনের মধ্যে ঢাকা মহানগর পুলিশ কমিশনার এবং ঢাকার দুই সিটি কর্পোরেশনের প্রশাসককে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
আদালত এই নির্দেশের পাশাপাশি একটি রুলও জারি করেছে। এতে নির্বাচনী পোস্টার, ব্যানারসহ আগাম প্রচার নিয়ন্ত্রণ ও প্রতিরোধে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
দুই সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার, স্থানীয় সরকার বিভাগের সচিব, পরিবেশ সচিব, ঢাকার পুলিশ কমিশনার, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকার দুই সিটি কর্পোরেশনের প্রশাসককে এর জবাব দিতে হবে।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) গত বৃহস্পতিবার রিট আবেদনটি করে। এর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইকবার কবির লিটন। সরকার পক্ষে ছিলেন সহকারি অ্যাটর্নি জেনারেল ইয়াহিয়া জামান।
রিট আবেদনে বলা হয়, ঢাকা সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচন উপলক্ষে মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থী হতে ইচ্ছুকদের নামে পোস্টার, ফেস্টুন, ব্যানার ও দেয়াল লিখনে ছেয়ে গেছে রাজধানী। এতে নগরীর সৌন্দর্যহানিসহ জনগণের সম্পত্তির ক্ষতি সাধিত হচ্ছে।
এ সব কাজের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিরা সংবিধানের ৩১, ৩২, ৪২ ও ১২৬ অনুচ্ছেদ লঙ্ঘন করেছে বলেও রিট আবেদনে উল্লেখ করা হয়।
ইকবাল কবির লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আইন বহির্ভূত এসব প্রচারণার জন্য সম্ভাব্য প্রার্থীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে গত ২৬ ফেব্রুয়ারি রিট আবেদনের ৬ বিবাদিকে উকিল নোটিস দেওয়া হয়।
কিন্তু তারা কোনো ধরনের পদক্ষেপ না নেওয়ায় রিট আবেদনটি করা হয় বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৮৪৩ ঘ.
bdnews24