২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিটমহলে অনির্দিষ্টকালের অনশন শুরু

ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়নসহ তিন দফা দাবিতে পঞ্চগড়ের বোদা উপজেলায় অনির্দিষ্টকালের অনশন শুরু করেছে বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2012, 11:04 AM

Updated : 24 Aug 2022, 11:00 AM

পঞ্চগড়, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়নসহ তিন দফা দাবিতে পঞ্চগড়ের বোদা উপজেলায় অনির্দিষ্টকালের অনশন শুরু করেছে বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি। রোববার বিকাল ৪টা থেকে উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের জেমজুট মিল এলাকায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে পুটিমারি ছিটমহল কার্যালয়ের সামনে এ অনশন শুরু হয়েছে। অনশনে বিভিন্ন ছিটমহলের অধিবাসীরা অংশ নিচ্ছেন। সমন্বয় কমিটির বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা জানান, ছিটমহলবাসীর অন্ধকার জীবন থেকে মুক্তি পেতে এ অনশনের ডাক দেওয়া হয়েছে। একই দাবিতে গত ১২ মার্চ থেকে ভারতের কুচবিহার জেলার দিনহাটা মহকুমার সংহতি ময়দানে সেখানকার ছিটমহলবাসীরা অনির্দিষ্টকালের অনশনে বসেছে । বাংলাদেশের ভেতরে ১১১টি ভারতীয় ছিটমহল এবং ভারতের সীমানায় বাংলাদেশের ৫১টি ছিটমহল রয়েছে। গত বছর সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশ সফরকালে দুই দেশের মধ্যে ১৯৭৪ সালের স্থলসীমা চুক্তির আওতায় একটি প্রটোকল স্বাক্ষর হয়। এর আওতায় দুই দেশের অচিহ্নিত সীমানা চিহ্নিতকরণ, অপদখলীয় ভূমি এবং ছিটমহল বিষয়ক দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে বলে ওই সময় ঢাকা-দিল্লি যৌথ বিবৃতিতে জানায়। এরপর থেকেই এই চুক্তি বাস্তবায়নের দাবিতে দুই দেশের ছিটমহলের অধিবাসীরা ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে আসছে। দাবি সম্পর্কে গোলাম মোস্তফা জানান, ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়ন নিয়ে রাজ্য সরকারের (পশ্চিমবঙ্গ) দ্বিমতের কারণ স্পষ্ট করে জানাতে হবে। যদি রাজ্য সরকার অতিরিক্ত জমি বাংলাদেশকে দিতে না চায় তবে চলতি বাজেটে ভারতীয় ছিটমহলের নাগরিকদের খাদ্য, বস্ত্র, আবাসন, স্বাস্থ্য, শিক্ষা, নাগরিকত্ব ও পূর্ণাঙ্গ আইনশৃঙ্খলা ব্যবস্থা স্থাপনসহ সকল দায়ভার রাজ্য সরকারকে বহন করতে হবে। এছাড়া সেখানকার ছিটমহলের মুসলিম বাসিন্দাদের হজ ও হিন্দু স¤প্রদায়ের ধর্মীয় কাজ সম্পাদনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। পুটিমারি ছিটমহল শাখা সমন্বয় কমিটির সভাপতি আবু জাকের জানান, কর্মসূচি সফলভাবে শুরু হয়েছে। স্থানীয় প্রশাসনকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬৫৭ ঘ.