চাঁদপুর, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর সদরে রোববার পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছে।
নিহতদের একজন শামসুল হক গাজী (৭৫)। তার বাড়ি সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের দক্ষিণ রালদিয়া এলাকায়। তাৎক্ষণিকভাবে অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মানিক সাংবাদিকদের জানান, সকালে বাবুরহাট-মতলব পেন্নাই সড়কে কালীভাংতি সেতু পার হওয়ার সময় একটি দ্রুতগামী অটোরিকশা শামসুল গাজীকে ধাক্কা দেয়।
গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চালক অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।
ওসি আরো জানান, সড়ক দুর্ঘটনায় নিহত আরেক যুবকের লাশ পাওয়া গেছে হাসপাতালের জরুরি বিভাগে।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে কে বা কারা হাসপাতালের জরুরি বিভাগে যুবকের লাশ এনে রেখে চলে যায়।
যুবকের মুখে রক্ত ও মাথায় ব্যান্ডেজ করা ছিল। ধারণা করা হচ্ছে তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪৫৪ ঘ.
bdnews24