খাগড়াছড়ি, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবহন মালিক-শ্রমিকের নিরাপত্তা ও চাঁদাবাজি বন্ধ করাসহ কয়েকটি দাবিতে ধর্মঘট ডেকেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ।
রোববার খাগড়াছড়ি-পানছড়ি সড়কে সকাল-সন্ধ্যা এ পরিবহন ধর্মঘট পালন করা হবে বলে নিশ্চিত করেছেন পরিষদের সদস্য সচিব কে এম ইসমাইল হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৯ মার্চ খাগড়াছড়ি-পানছড়ি সড়কের শিব মন্দির এলাকায় সশস্ত্র সন্ত্রাসীরা চাল বোঝাই একটি ট্রাক আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, চালক ও সহকারীকে মারধর করে।
এই ঘটনার জন্য দায়ীদের গ্রেপ্তার, পার্বত্য জেলায় পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধ, চলাচলকারী পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত ট্রাকের ক্ষতিপূরণের দাবিতে এ ধর্মঘট ডাকা হয়েছে।
তিনি অভিযোগ করেন, দাবি বাস্তবায়নের জন্য খাগড়াছড়ি জেলা প্রশাসককে গত ১১ মার্চ স্মারকলিপি দেওয়া হয়। কিন্তু কোনো পদক্ষেপ নেওয়ায় হয়নি।
১৮ মার্চের মধ্যে কোনো ব্যবস্থা না নিলে পরবর্তীতে সমগ্র জেলায় পরিবহন ধর্মঘটসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তিনি হুঁশিয়ার করেন।
ট্রাক জ্বালিয়ে দেওয়ার প্রতিবাদে এর আগে ১০মার্চ সড়ক পরিবহসহ খাগড়াছড়ির সকল প্রকার পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে জেলায় পূর্ণদিবস সড়ক অবরোধ পালিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫৩ ঘ.
bdnews24