ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র্যাব পরিচয়ে ‘ধরে নেওয়ার’ অভিযোগ তুলে ‘নিখোঁজ’ তিন ব্যক্তির হদিশ চেয়ে সংবাদ সম্মেলন করেছে তাদের স্বজনরা।
শনিবার রাজধানীতে অপরাধ বিষয়ক প্রতিবেদকদের সংগঠন ক্র্যাবের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ‘নিখোঁজদের’ একজনের স্ত্রী রোকেয়া বেগম অভিযোগ করেন, এ বিষয়ে থানায় মামলা করতে গেলে ওসি তাদের সহযোগিতা করেননি।
র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক এম সোহায়েল বলেছেন, র্যাবের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।
যাদের ‘ধরে নেওয়ার’ অভিযোগ উঠেছে তারা হলেন- হাসানুল ইসলাম, বজলার প্রধান ও তার চাচাত ভাই মিন্টু প্রধান।
র্যাব সদস্যদের সঙ্গে বাক-বিতণ্ডার প্রেক্ষিতে মামলার পর তাদের বগুড়ার গাবতলী থেকে র্যাব পরিচয়ে গত ১২ মার্চ ‘ধরে নিয়ে যাওয়া হয়’ বলে অভিযোগ করেন হাসানুলের স্ত্রী রোকেয়া। হাসানুল ও বজলার পরস্পর বন্ধু।
এরা সবাই গাইবান্ধার গোবিন্দগঞ্জের অধিবাসী হলেও র্যাবের সঙ্গে বাক-বিতণ্ডার পর র্যাবের করা একটি মামলার প্রেক্ষিতে বগুড়ায় পালিয়ে ছিলেন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
র্যাব কর্মকর্তা সোহায়েল বলেন, “মামলার পর থেকে তারা পলাতক। পলাতক ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারা কৌশল হিসাবে এই নাটক সাজিয়েছেন।”
সংবাদ সম্মেলনে হাসানুলের ভাই হোসেন আহমেদ, বজলার প্রধানের স্ত্রী লিমা আক্তার এবং মিন্টু প্রধানের স্ত্রী সুরাইয়া বেগম উপস্থিত ছিলেন।
বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডের কারণে দেশি-বিদেশি বিভিন্ন মানবাধিকার সংগঠন প্রায়ই সমালোচনা করে থাকে ২০০৪ সালে প্রতিষ্ঠিত র্যাবের। গতবছর ওই ধরনের হত্যাকাণ্ডও কমে আসে। তবে বছরের শেষ দিকে এসে র্যাব পরিচয়ে অপহরণের কয়েকটি অভিযোগ ওঠে।
‘
মামলার পর থেকেই তারা পলাতক’
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের ফাঁসিতলা মোড়ে একটি প্রাইভেট কারের লুকিং গ্লাস ভাঙা নিয়ে আরোহীদের সঙ্গে বাক-বিতণ্ডা হয় হাসানুলের।
“এক পর্যায়ে আরোহীরা হাসানুলকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ সময় স্থানীয় পথচারীরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং এই পরিস্থিতিতে আরোহীরা নিজেদের র্যাব সদস্য হিসেবে পরিচয় দেয়।”
হাসানের স্ত্রী রোকেয়া বলেন, ক্ষতিপূরণ বাবদ ২ হাজার টাকায় বিষয়টি রফা হলেও তারা জানতে পারেন ওই দিনের ঘটনার ভিত্তিতে ওই তিন জনকে আসামি করে মামলা করে র্যাব।
তিনি জানান, জনগণের ‘রোষানলে’ র্যাবের একটি পিস্তল এবং মোবাইল খোওয়া যাওয়ার অভিযোগে গত ২৪ ফেব্রুয়ারি মামলাটি করা হয় গোবিন্দগঞ্জ থানায়।
ওই মামলার পর থেকে পলাতক থাকা ওই তিন জন বিষয়ে স্থানীয় র্যাব ক্যাম্পে খোঁজ নেওয়া হয় উল্লেখ করে রোকেয়া বলেন, “গোবিন্দগঞ্জ র্যাব ক্যাম্প থেকে আমাদের জানানো হয়, তারা এ বিষয়ে কিছু জানে না।”
গত ১৩ মার্চ তারা র্যাবের বিভিন্ন ক্যাম্পে খোঁজ নিয়ে কোনো খবর জানতে পারেননি উল্লেখ করে রোকেয়া বলেন, “এর পর ১৪ মার্চ তারিখ গোবিন্দগঞ্জ থানায় মামলা করতে গেলে সংশ্লিষ্ট থানার ওসি অপারগত প্রকাশ করেন।
“তিনি বলেন, ‘তাদের নামে পূর্বেই মামলা রয়েছে, তাই মামলা কিংবা জিডি করা যাবে না’।”
র্যাবের গণমাধ্যম মুখপাত্র সোহায়েল এ প্রসঙ্গে বলেন, “ক্ষতিপূরণের টাকা দেওয়ার কথা বলে তারা এলাকার সন্ত্রাসী এনে র্যাব সদস্যদের মারধর, অস্ত্র লুট এবং র্যাবের গাড়ি ভাংচুর করে।
“পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এই ঘটনায় র্যাবের করা মামলার পর থেকেই তারা পলাতক রয়েছেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এলএইচ/পিডি/২২৪৯ ঘ.
bdnews24