ব্রাহ্মণবাড়িয়া, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মুক্তিযোদ্ধাদের কল্যাণের কথা বলে ‘শীতকালীন আনন্দ মেলা’ নামে মাসব্যাপী জুয়ার আসর ভেঙে দিয়েছে পুলিশ।
অতিরিক্ত সুপার ফয়সাল মাহমুদের নেতেৃত্বে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ শুক্রবার রাত পৌনে ১২টার দিকে আখাউড়ার ধরখার ইউনিয়নের রিফাতনগর প্রকল্পে ওই জুয়ার আসরে অভিযান চালায়।
ফয়সাল মাহমুদ বলেন, অভিযানে জুয়ার বোর্ড পরিচালনাকারী মাইনুদ্দিন হাওলাদার মমিনকে (২৮) আটক করেছে পুলিশ। দায়িত্ব অবহেলার কারণে স্থানীয় ধরখার ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।
স্থানীয় মুক্তিযোদ্ধা আবদুস সালাম জানান, স্থানীয় এক যুবলীগ নেতার উদ্যোগে গত ২৬ ফেব্রুয়ারি মেলার নামে এই জুয়ার আসর বসানো হয়। এরপর থেকে সেখানে রাতভর জুয়া খেলা চলে আসছিল।
“পুলিশের উপস্থিতিতেই মেলায় জুয়া চলেছে। সার্কাসের আড়ালে অশ্লীল নৃত্যেরও আয়োজন ছিল।”
স্থানীয় একটি পত্রিকায় এ বিষয়ে খবর প্রকাশিত হলে আখাউড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাসেম ঘটনাস্থল পরিদর্শন করে জুয়া খেলা বন্ধের নির্দেশ দেন।
এতে কয়েকদিন বন্ধ থাকলেও স্থান ও কৌশল পাল্টে আবারো জুয়ার আসর বসে মেলায়। এই প্রেক্ষাপটে সেখানে অভিযান চালানো হয় বলেন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জানান।
তিনি বলেন, “আবহমান বাংলার কৃষ্টি-সংস্কৃতি নিয়ে চেলতে কোনো বাধা নেই। কিন্তু কোনোভাবেই মেলার নামে জুয়া খেলতে দেওয়া হবে না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এনএ/জেকে/১৪২০ ঘ.
bdnews24