বাগেরহাট, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে পাঁচ বনদস্যু নিহতের ঘটনায় দু’টি মামলা হয়েছে।
বাগেরহাটের শরণখোলা থানায় শনিবার বিকালে মামলাগুলো দায়ের করেন র্যাব-৮ এর পটুয়াখালী কোম্পানির উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. আজিজুর রহমান।
এর একটি হল অস্ত্র আইনে এবং অপরটি সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে। দুই মামলায় নিহত পাঁচজনসহ অজ্ঞাত বনদস্যুদের আসামি করা হয়।
এদিকে ময়নাতদন্ত শেষে নিহত পাঁচ বনদস্যুর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার সকালে বাগেরহাটের শরণখোলা উপজেলার মরাভোলা খাল এলাকায় বনদস্যুর আস্তানায় র্যাব অভিযান চালালে দু’পক্ষের মধ্যে একঘণ্টা গোলাগুলি হয়। এরপর পাঁচ বনদস্যুর লাশ উদ্ধার করে র্যাব।
শরণখোলা থানার উপ-পরিদর্শক গাজী ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্দুকযুদ্ধে নিহত বনদস্যু বেলালের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া গেছে। তিনি বাগেরহাটের রামপাল উপজেলার পারগোবিন্দপুর গ্রামের আবুল হাশেম শেখের ছেলে।
তার স্ত্রী শনিবার বিকালে বাগেরহাট সদর হাসপাতালে গিয়ে লাশ গ্রহণ করেছেন। অপর নিহতদের লাশও স্বজনরা নিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫২ ঘ.
bdnews24