কুড়িগ্রাম, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-মুজিব-ইন্দিরা চুক্তি বাস্তবায়নসহ তিনদফা দাবিতে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় ১১১টি ছিটমহলের বাসিন্দারা রোববার থেকে অনির্দিষ্টকালের অনশনের ঘোষণা দিয়েছে।
শুক্রবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি।
কমিটির বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা কর্মসূচি ঘোষণা করার সময় বলেন, ‘খাঁচায় বন্দি জীবন থেকে মুক্তি চাই, হয় মুক্তি না হয় মৃত্যু’ শ্লোগান নিয়ে রোববার বিকাল ৪টা থেকে পঞ্চগড়ের বোদা উপজেলার অভ্যন্তরে ভারতীয় ছিটমহল পুটিমারী সংলগ্ন বিশ্বরোডের পাশে অনির্দিষ্টকালের অনশন শুরু হবে।
তাদের দাবি তিনটি হল- ১৯৭৪ সালের মুজিব-ইন্দিরা চুক্তির আলোকে অবিলম্বে ছিটমহল বিনিময় বাস্তবায়ন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়ন নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দ্বি-মতের কারণ স্পষ্ট করে জানাতে হবে। যদি রাজ্য সরকার অতিরিক্ত জমি বাংলাদেশকে দিতে না চায় তবে চলতি অর্থবছরে রাজ্য বাজেটে বাংলাদেশের মধ্যে অবস্থিত ভারতীয় ছিটমহলগুলিতে খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, নাগরিকত্ব এবং পূর্ণাঙ্গ আইন-শৃঙ্খলা ব্যবস্থা স্থাপন করতে হবে। ছিটমহলবাসীদের সকল দায়ভার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে বহন করতে হবে।
ছিটমহলের মুসলিম বাসিন্দাদের হজে যাওয়া ও হিন্দু স¤প্রদায়ের ধর্মীয় কাজ সম্পাদন বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার অভ্যন্তরে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ১৮টি এবং লালমনিরহাট জেলার ৩৩টি মোট ৫১টি ছিটমহল রয়েছে।
অপরদিকে বাংলাদেশের ভূখণ্ডে ভারতের কোচবিহার জেলার অধীনে ১১১টি ছিটমহল রয়েছে, যার আয়তন প্রায় ১৭ হাজার ১৫৮ দশমিক ০৫ একর।
এরমধ্যে রয়েছে কুড়িগ্রামে ১২টি, লালমনিরহাটে ৫৯টি, পঞ্চগড়ে ৩৬টি এবং নীলফামারীতে চারটি ছিটমহল।
১৯৭৪ সালের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ইন্দিরা গান্ধীর মধ্যে যে ভারত-বাংলাদেশ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তাতে এসব ছিটমহল বিনিময় বিষয়টি অন্তর্ভুক্ত ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭৫৭ ঘ.
bdnews24