ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতির অভিযোগে মামলা করতে হাই কোর্টের দেওয়া আদেশ স্থগিতে চার শিক্ষকের করা আবেদন খারিজ করেছে সর্বোচ্চ আদালত।
আবেদনকারী চার শিক্ষক হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক দিল রওশন জিন্নাত আরা নাজনীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামাল উদ্দিন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুলের ড. মোহাম্মদ আব্দুর রহিম ও প্রভাষক মোহাম্মদ কুতুব উদ্দিন।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পাঠ্য পুস্তকে ইতিহাস বিকৃতির দায়ে ১৭ শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়েরে হাই কোর্টের আদেশ বিচারিক দলিলে নেই- এ যুক্তি দেখিয়ে ওই আদেশ স্থগিতের আবেদন বৃহস্পতিবার খারিজ করা হয়।
খারিজের এই আদেশ দেয় প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ।
গত ৬ মার্চ হাই কোর্ট মৌখিক আদেশে ঢাকা, চট্টগ্রাম, ইসলামী বিশ্ববিদ্যালয়সহ বিশ্ববিদ্যালয়টির ১৭ শিক্ষকের বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে মামলা করার নির্দেশ দিয়েছিল।
ওই আদেশ স্থগিত করতে গত ১৩ মার্চ চার শিক্ষক আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন।
মামলা দায়েরে হাই কোর্ট আদেশ দিয়েছে উল্লেখ করে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে এই আবেদনটি করা হয়।
ওই দিন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ বিষয়ে কোনো আদেশ না দিয়ে তা ১৫ মার্চে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেয়।
বৃহস্পতিবার সকালে এ বিষয়ে শুনানি শেষে আদালত দুপুরে আদেশ দেয়।
চার শিক্ষকের পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমেদ প্রমুখ। শুনানিতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন এম কে রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২২২৬ ঘ.
bdnews24