মৌলভীবাজার, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের কুলাউড়ায় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাতদলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ছয় রাউন্ড বন্দুকের গুলি, আটটি ছোরা, ১০টি মোবাইল সেট এবং ছয়টি টর্চলাইট উদ্ধার করা হয়েছে।
বুধবার গভীর রাতে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ও রাজনগর উপজেলার শালন ও কদমহাটা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন- রাজনগর উপজেলার শালন গ্রামের ওসমান খান (৫৫), সানি খান (২০), কদমহাটা গ্রামের আনোয়ার হোসেন (২৩) মোঃ রাসেল (১৯), আব্দুল্লাহ মিয়া (২৫), মৌলভীবাজার সদর থানায় পালকাপন গ্রামের শিবলু (২৯) ও শাকিল মিয়া ওরফে সনজিত (২৭)।
মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তার হওয়া সাত জন আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে জেলার মৌলভীবাজার, রাজনগর, কুলাউড়া ও শ্রীমঙ্গল থানায় একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে কুলাউড়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৮৩২ ঘ.
bdnews24