২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেট্রো রেলের ঋণচুক্তি এ মাসেই: প্রধানমন্ত্রী

রাজধানীতে মেট্রো রেল নির্মাণে চলতি মাসেই জাপান সরকারের সঙ্গে ঋণচুক্তি হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2012, 02:45 PM

Updated : 24 Aug 2022, 10:58 AM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে মেট্রো রেল নির্মাণে চলতি মাসেই জাপান সরকারের সঙ্গে ঋণচুক্তি হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে রাজধানীতে যানজটমুক্ত গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে বেশক’টি এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভার প্রকল্প বাস্তবায়ন ছাড়াও দেশের প্রথম মেট্রো রেল স্থাপনের প্রসঙ্গ তুলে ধরেন সংসদ নেতা। প্রধানমন্ত্রী জানান, বিশ্বের বড় বড় আধুনিক শহরগুলোর মতো রাজধানী ঢাকায় যানজটমুক্ত গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে মেট্রো রেলের (এমআরটি লাইন-৬) চূড়ান্ত রুট, ডিপো লোকেশন ও স্টেশন এলাকা সরকার ইতোমধ্যে অনুমোদন করেছে। মেট্রো রেলের চূড়ান্ত রুট হলো- উত্তরা ৩য় ফেজ পল্লবী- রোকেয়া স্মরণীর পশ্চিম পাশ দিয়ে খামারবাড়ি হয়ে ফার্মগেট- হোটেল সোনারগাঁও-শাহবাগ-টিএসসি- দোয়েল চত্বর- তোপখানা রোড-বাংলাদেশ ব্যাংক পর্যন্ত। মেট্রো রেল প্রকল্প বিষয়ে সাংসদ নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রধানমন্ত্রী। সাংসদ মুজিবুল হকের প্রশ্নের জবাবে মেট্রো রেল রুট বিজয় সরণী হয়ে ফার্মগেটের দিকে গেলে চারটি সমস্যার কথা তুলে ধরেন শেখ হাসিনা। এক্ষেত্রে প্রস্তাবিত মেট্রো রেলের উচ্চতার কারণে তেজগাঁও বিমানবন্দরে বিমান বাহিনীর বিভিন্ন বিমান অবতরণে ঝুঁকি, দেশের একমাত্র প্লানেটরিয়াম স্থাপনা বঙ্গবন্ধু নভোথিয়েটারের সৌন্দর্য হারানো, বিজয় সরণীর দক্ষিণ পাশে ব্যক্তি মালিকানাধীন ভবন ভাঙা এবং ওই এলাকায় যানজট আরো বাড়ার কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, এ কারণে মেট্রো রেলের অ্যালাইনমেন্ট খামারবাড়ী দিয়ে নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজধানীতে যানজটমুক্ত করে আধুনিক নগরী হিসাবে গড়ে তুলতে মোট্রো রেলসহ ১২টি পদক্ষেপের কথা তুলে ধরেন শেখ হাসিনা। মানসম্মত ট্যাক্সিক্যাব সার্ভিস চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি জানান, ইতোমধ্যে দুই কোম্পানিকে এক হাজার করে দুই হাজার ট্যাক্সিক্যাব আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া আরো ১০ হাজার ট্যাক্সিক্যাব রাস্তায় চালানোর বিষয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের আগ্রহ (এক্সপ্রেশন অব ইন্টারেস্ট) আহ্বান করা হয়েছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ, স্কুল বাস প্রবর্তন, ২৫ বছরের পুরনো যান চলাচল নিষিদ্ধ, ডাবল ডেকার বাস আমদানি, তিনটি ফ্লাইওভার নির্মাণ কাজের অগ্রগতি, রোড সাইড পার্কিং ব্যবস্থার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। ফজলুল আজিমের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, পিক আওয়ার ছাড়া দিনের অধিকাংশ সময়ের বিদ্যুৎ চাহিদা (বেজ লোড) মেটানোর লক্ষ্যে জয়েন্ট ভেঞ্চার ও আইপিপির মাধ্যমে আমদানি নির্ভর ও দেশে উৎপাদিত কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি জানান, সরকার ২০১৩ সালের মধ্যে সাত হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। পরিকল্পনায় ২০১৫ সালের মধ্যে ১৩ হাজার, ২০২০ সালের মধ্যে ২২ হাজার, ২০২৫ সালে ৩০ হাজার এবং ২০৩০ সালে ৩৯ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বছরওয়ারি পরিকল্পনার বিষয়ে শেখ হাসিনা জানান, বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত দুই হাজার ৯৪৪ মেগাওয়াট ক্ষমতার ৪৪টি নতুন বিদ্যুৎকেন্দ্র চালু হয়েছে। ফলে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সাত হাজার ৬৬৩ মেগাওয়াটে উন্নীত হয়েছে। চলতি বছর থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রায় ১৩ হাজার মেগাওয়াট ক্ষমতার নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। জিডিপিতে প্রবাসী কর্মীদের অবদান আশরাফুন নেছা মোশারফের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, বর্তমানে ১৪৩টি দেশে প্রায় ৮০ লাখ প্রবাসী বাংলাদেশি কর্মরত আছেন। তিনি বলেন, শ্রম বাজার স¤প্রসারণের ফলে প্রতি বছর প্রায় পাঁচ লাখের বেশি কর্মীর বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। এছাড়া পুরুষের পাশাপাশি নারী কর্মীদের বিদেশে যাওয়ার সংখ্যাও ক্রমাগত বাড়ছে। বিশ্ব অর্থনৈতিক মন্দা সত্ত্বেও সরকার যথাযথ পদক্ষেপ নেওয়ায় তিন বছর দুই মাসে ১৫ লাখ ৬৯ হাজার ৪০৭ জন বাংলাদেশি কর্মী বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থান হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এ সংখ্যা চারদলীয় জোট সরকারের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ বলেও জানান তিনি। জুট মিলে কর্মসংস্থান হচ্ছে মো. শফিকুল ইসলামের প্রশ্নের জবাবে সংসদ নেতা বলেন, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের ৫টি এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ৮টিসহ ১৩টি শিল্প প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্স (সিসিসি) পুনরায় চালুর জন্য পুনঃদরপত্র আহ্বান প্রক্রিয়াধীন। তিনি জানান, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের ৫টি শিল্প প্রতিষ্ঠান গত সরকারের সময় বন্ধ করা হয়েছে। এ সব প্রতিষ্ঠানের মালিকানা নিয়ে আদালতে মামলা চলমান। মামলা নিষ্পত্তির পর সম্ভাব্যতা যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর খুলনার খালিসপুর জুট মিল (সাবেক পিপলস জুট মিল) চালু করায় তিন হাজার ৭০০ লোকের কর্মসংস্থান হয়েছে। সিরাজগঞ্জে জাতীয় জুট মিল (সাবেক কওমী জুট মিল) চালু হওয়ায় তিন হাজার লোকের কর্মসংস্থান হয়েছে। এছাড়া অতি শিগগির খুলনার দৌলতপুর জুট মিল চালু করা হবে এবং এর ফলে এক হাজার ৩০০ শ্রমিকের কর্মসংস্থান সম্ভব হবে বলে জানান প্রধানমন্ত্রী। বুধবার সংসদের অধিবেশন শুরু হয় সন্ধ্যা ৭টায়। এতে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার শওকত আলী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/পিডি/২০২৮ ঘ.