২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিশনারি স্কুলে বিক্ষোভের পর বন্ধ ঘোষণা

ছাত্রীকে শারীরিক শাস্তি দেওয়ায় অভিভাবকদের বিক্ষোভের পর নোয়াখালী সদরের ব্রাদার আঁন্দ্রে উচ্চ বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2012, 12:56 PM

Updated : 24 Aug 2022, 10:58 AM

নোয়াখালী, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রীকে শারীরিক শাস্তি দেওয়ায় অভিভাবকদের বিক্ষোভের পর নোয়াখালী সদরের ব্রাদার আঁন্দ্রে উচ্চ বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার সকাল থেকে ক্যাম্পাসে এসে অভিভাবকরা বিক্ষোভ ও শিক্ষকদের অবরুদ্ধ করে রাখলে পুলিশ ও প্রশাসনের মধ্যস্থতায় বিদ্যালয়টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় বলে জানায় প্রশাসন ও অভিভাবকরা। অভিভাবক ফখরুদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, ১১ মার্চ পিংকী নামের দশম শ্রেণীর এক ছাত্রী এক বেণী করে স্কুলে আসায় প্রধান শিক্ষিক ইভন ডি সিলভা তার মাথার চুল কেটে দেন। লজ্জায় ছাত্রীটি স্কুলে আসা বন্ধ করে দেয়। পরদিন পিংকীর চাচাতো বোন মুক্তির স্কুলে আসতে বিলম্ব হলে প্রধান শিক্ষিক তাকে ৫৫ মিনিট সূর্যের দিকে মুখ করিয়ে দাঁড় করিয়ে রাখেন। এতে সে অসুস্থ হয়ে পড়লে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রধান শিক্ষকের এসব অন্যায় আচরণের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির কাছে লিখিত অভিযোগ দিয়েও সন্তেুাষজনক সমাধান পাননি বলে জানান ফখরুদ্দিন। বিক্ষোভে অংশ নেওয়া অন্য অভিভাবকরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভর্তি বাণিজ্য, স্কুলে বই ও শিক্ষা উপকরণ চড়া দামে বিক্রির অভিযোগ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তফা জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতি সামাল দিতে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। সুধারাম থানার ওসি মোশাররফ হোসেন তরফদার জানান, আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সলিম উল্যাহ জানান, সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। এসব বিষয়ে প্রধান শিক্ষক ইভন ডি সিলভা কোনো মন্তব্য করতে রাজি হননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৮৫১ ঘ.