বরিশাল, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রদ্ধা আর ভালবাসায় নিজ জন্মস্থান বরিশালে চিরনিদ্রায় শায়িত হলেন আলোকচিত্রী শওকত জামিল খান।
বুধবার বেলা ১২টার দিকে শহরের বগুড়া রোডের মুসলিম গোরস্থানে তাকে দাফন করা হয়।
নগরীর চকবাজার জামে এবাদুল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণে বেলা ১১টার দিকে তার চতুর্থ ও শেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
বরিশালের বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কয়েক হাজার মানুষ এতে অংশ নেন।
অশ্র“সিক্ত নয়নে ফুল দিয়ে শওকত জামিলকে শেষ শ্রদ্ধা জানানো হয়।
এর আগে রাত আড়াইটার দিকে বরিশাল শহরের কাটপট্টি এলাকায় নিজ বাড়িতে পৌঁছায় শওকত জামিলের মরদেহ।
মঙ্গলবার সকালে রাজধানী ঢাকার অ্যালিফ্যান্ট রোডে আগুনের ছবি তুলতে যান শওকত জামিল। ছবি তোলার সময় তিনি অসুস্থবোধ করলে সেগুনবাগিচার বাসায় ফিরে যান। পরে দুপুর ১২টার দিকে হাসপাতালে যাওয়ার জন্য প্রস্তুতি নিলে অজ্ঞান হয়ে পড়েন তিনি। এ অবস্থায় বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর পরে শওকত জামিলের মরদেহ প্রথমে নেওয়া হয় তার কর্মস্থল ডেইলি স্টারে। সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর অপসোনিনে দ্বিতীয় এবং জাতীয় প্রেসক্লাবে তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে ডিগ্রি নেওয়া এ আলোকচিত্রী দৈনিক খবর ও দৈনিক সংবাদেও কাজ করেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/১৬৫৩ ঘ.
bdnews24