গাজীপুর, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার জনসভায় যোগ দিতে যাওয়ার পথে গাজীপুর সদরে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ট্রাক শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। এ সময় আহত হয় অন্তত ২৫ জন।
বুধবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল সড়কের কড্ডা এলাকায় এ সংঘর্ষের পর গাড়ি চলাচল বন্ধ হয়ে গেলে উভয়পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয় বলে জানায় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা।
কোনাবাড়ি মহাসড়ক পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ৬০টি গাড়িতে করে দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার জনসভায় যাচ্ছিলেন।
গাড়ির বহর ঢাকা-টাঙ্গাইল সড়কের কড্ডার ট্রাকস্ট্যান্ড এলাকায় মোড় নিতে যাওয়ার সময় একটি গাড়ি একটি ট্রাককে জোরে ধাক্কা মারে। এ নিয়ে প্রথমে বহরের একটি বাসের চালকের সঙ্গে ট্রাকটির চালক ও সহকারীর কথা কাটাকাটি হয়।
তখন বাসের ভেতরে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা বের হয়ে এসে ওই ট্রাকের চালক ও সহকারীকে মারধর করলে পাশে থাকা ট্রাক শ্রমিকরা এগিয়ে আসে।
এরপরই আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ট্রাক শ্রমিকদের সংঘর্ষ বেধে যায়। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় অর্ধশতাধিক যানবাহন ভাংচুর করা হয় বলে জানান এসআই।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেলা পৌনে ১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর পুনরায় যান চলাচল শুরু হয়।
সংঘর্ষে আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে জানান এসআই।
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে বিএনপির মহাসামবেশের একদিন পর বুধবার যুদ্ধাপরাধীদের বিচারে বাধা, দুর্নীতিবাজদের রক্ষা ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে এই জনসভা করছে ১৪ দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬৩১ ঘ.
bdnews24