২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব ব্যাংকের সঙ্গে ঝামেলা চাই না: কাদের

বিশ্ব ব্যাংককে বাদ দিয়ে মালয়শিয়ার অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ শুরুর পরিকল্পনার কথা বলে এলেও সংস্থাটির সঙ্গে কোনো ধরনের বিরোধে জড়াতে সরকার চায় না বলে জানালেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2012, 09:44 AM

Updated : 24 Aug 2022, 10:58 AM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব ব্যাংককে বাদ দিয়ে মালয়শিয়ার অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ শুরুর পরিকল্পনার কথা বলে এলেও সংস্থাটির সঙ্গে কোনো ধরনের বিরোধে জড়াতে সরকার চায় না বলে জানালেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। বিশ্ব ব্যাংকের সঙ্গে চুক্তিবদ্ধ অবস্থায় পদ্মা সেতু নিয়ে বিকল্প পরিকল্পনায় সংস্থাটি উষ্মা প্রকাশ করে বলে গণমাধ্যমের খবর, যদিও দুর্নীতির অভিযোগ তুলে তারা অর্থায়ন স্থগিত করায় দেশের বহু প্রতীক্ষিত এই সেতুর কাজ আটকে গেছে। বিশ্ব ব্যাংকের সঙ্গে জটিলতা না কাটলেও ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সরকারের মেয়াদেই এই সেতুর নির্মাণ কাজ শুরু হবে। তা শুরু করতে না পারলে সে দায়ও তিনিই নেবেন। যোগাযোগমন্ত্রী বুধবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “আমি আগেও বলেছি, আজও বলছি, এ সরকারের আমলেই পদ্মা সেতুর কাজ শুরু হবে। শেষ করতে পারব না, তবে শুরুটা করব। পদ্মা সেতুর কাজ শুরু করতে না পারলে এর সব দায়ভার আমার।” বিশ্ব ব্যাংক গত বছর প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুললে তা নিয়ে সবচেয়ে বেশি সমালোচনায় পড়েন তৎকালীন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। এরপর তার দপ্তর বদলও হয়, যোগাযোগমন্ত্রী হন কাদের। তবে দুর্নীতি দমন কমিশন এই অভিযোগ তদন্ত করে আবুল হোসেনের ‘দুর্নীতির’ কোনো প্রমাণ না পাওয়ার কথা জানায়। ওবায়দুল কাদের বলেন, “পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগের বিষয়ে বিশ্ব ব্যাংক কানাডার তদন্ত প্রতিবেদনের অপেক্ষা করছে। আমরা বিশ্ব ব্যাংকের সঙ্গে ঝামেলায় যেতে চাই না, বিশ্বব্যাংকের ৩৪টি প্রকল্প বাংলাদেশে রয়েছে।” মন্ত্রী জানান, পদ্মা সেতুর অর্থ বিশ্ব ব্যাংক থেকে সময়মতো ছাড় করতে না পারলে ওই অর্থ অন্য কোনো প্রকল্পে দিতে তাদের কাছে দাবি জানাবে সরকার। পদ্মা সেতু কাদের অর্থায়নে হবে, তা এখনো স্পষ্ট করে বলেনি সরকার। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বুধবার সাংবাদিকদের বলেন, “আমরা বিকল্প রাস্তা চিস্তা করছি।” বিশ্ব ব্যাংকের সঙ্গে জটিলতা কবে নাগাদ কাটতে পারে, তাও স্পষ্ট করে বলেননি তিনি। মেট্রো রেল প্রকল্প দ্রুত করতে জাইকার চাপ যোগাযাগমন্ত্রীর সঙ্গে বুধবার জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার একটি প্রতিনিধি দল দেখা করে। দুই সদস্যর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জাইকার জ্যেষ্ঠ প্রতিনিধি মাইউমি ইনদো। মন্ত্রী বলেন, মেট্রো রেল প্রকল্পের ডিপিপি (ডেভলপমেন্ট প্রজেক্ট প¬্যান) অনুমোদনের জন্য তারা (জাইকা) চাপ দিয়েছে। এ বিষয়টি পরিকল্পনা কমিশনে রয়েছে জানিয়ে তিনি বলেন, খুব শিগগিরই একনেকে তা তোলা হবে বলে জাইকাকে জানানো হয়েছে। ২০১৩ সালের অক্টোবর নাগাদ মেট্রো রেলের কাজ শুরু হতে পারে বলে মন্ত্রী জানান। মেট্রো রেল রুট উত্তরা তৃতীয় ফেইজ থেকে শুরু হয়ে পল্লবী-রোকেয়া সরণি-খামারবাড়ি-ফার্মগেট-শাহবাগ-দোয়েল চত্বর-তোপখানা রোড হয়ে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে শেষ হবে। জাইকার অর্থায়নে ইস্টার্ণ বাংলাদেশ ব্রিজ ই¤প্রুভমেন্ট প্রজেক্ট (ইবিবিআইপি) আওতাধীন ৬১৮ কোটি টাকার ছোট বড় মিলিয়ে সংস্কারসহ ১১৭টি সেতু তৈরি হবে জানান মন্ত্রী। ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট এলাকায় ছয়টি জাতীয় মহাসড়ক ও ১৩টি আঞ্চলিক সড়কে এ সেতুগুলো হবে জানিয়ে মন্ত্রী বলেন, ২০১৩ এর মধ্যে এ কাজ শেষ হবে। রাজধানীর তেজগাঁও আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের পাশে ১৭ একর জমিতে নতুন সড়ক ভবন কমপ্লেক্স নির্মাণ হবে বলে জানান যোগাযোগমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/এমআই/১৫৩০ ঘ.