ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড় ভাইকে হত্যার অভিযোগে অভিনেতা এটিএম শামসুজ্জামানের ছোট ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যার দিকে বাসা থেকে এটিএম খালেকুজ্জামান কুশলকে গ্রেপ্তার করা হয় বলে সূত্রাপুর থানার ওসি নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
তিনি বলেন, “কুশল বাসায় ছিলেন। তাকে কেউ ধরেও রাখেনি, আবার তিনি পলায়নও করেননি।”
বড় ভাই এটিএম কামরুজ্জামান কবিরকে (৩৫) হত্যার অভিযোগে কুশলকে একমাত্র আসামি করে সূত্রাপুর থানায় রাতে শামসুজ্জামান মামলা করেন বলে জানান ওসি।
এটিএম শামসুজ্জামানের ভাইপো শোভন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার বিকাল ৩টার দিকে পুরান ঢাকার ৪৬ নম্বর দেবেন্দ্রনাথ দাস লেনে বাসায় কুশল ছুরিকাঘাত করে কবিরকে।
শোভন বলেন, কুশল বড় ভাইয়ের বুকে ছুরি মারলে তিনি মারাত্মক আহত হন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকাল সোয়া ৪টার দিকে মারা যান তিনি।
কুশল মাদকাসক্ত বলে শোভন জানান।
তিনি বলেন, “কবির পাঁচ তলা ভবনের নিচ তলার বাসায় বিশ্রাম করছিলেন। হঠাৎ কুশল এসে কবিরের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে তার বুকে ছুরি মারে।”
তবে এ টি এম শামসুজ্জামানের করা মামলার এজাহারে বলা হয়, “বেলা ৩টার দিকে শামসুজ্জামানকে কবির চড় মারলে তিনি মেঝেতে পড়ে যান। এ দৃশ্য দেখে কুশল তাকে ছুরি মারে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/পিডি/০১১৭ ঘ.
bdnews24