শরীয়তপুর/মুন্সীগঞ্জ, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন মাস আগে বিয়ে করার জন্য ইতালি প্রবাসী সুমন বাড়ি এসেছিলেন। মাস দুয়েক আগে বাবা-মা ধুমধাম করে ছেলের বিয়ে দিয়ে নতুন বউ ঘর আনেন।
বুধবার বিমানে নববধূকে নিয়ে সুমনের পাড়ি জমানোর কথা ছিলো ইউরোপে। কিন্তু তার আগেই সোমবার রাতে মেঘনায় সলিল সমাধি হয় এই নবদম্পতির।
সুমনের বাবা এনামুল হক স্ত্রীকে নিয়ে মঙ্গলবার ঢাকায় আসার কথা ছিল ছেলে-বউকে বিমানে তুলে দিতে। তার বদলে এখন তিনি ছেলে আর পুত্রবধূর খোঁজ করে চলেছেন মেঘনার পাড়ে পাড়ে। যখনি কোনো লাশ পাড়ে আসছে তখনি সেখানে দৌঁড়ে যাচ্ছেন পুত্রশোকে পাগলপ্রায় এই বাবা।
লাশ দেখে ডুকরে কেঁদে উঠে বলছেন, “না, এইটা আমার সুমনের লাশ না। আমার সুমনের আর ইতালি যাওয়া হল না।”
শুধু এনামুল হক নয়, এরকম আরো হাজার হাজার মানুষ ভিড় করেছে মুন্সীগঞ্জের গজারিয়ায় আর শরীয়তপুরের নড়িয়ার সুরেশ্বর লঞ্চ ঘাটে তাদের আপনজনের খোঁজে। আর্তনাদ করতে করতে কেউ বার বার মূর্ছা যাচ্ছেন। শোকে সজল হয়ে উঠে কৌতুহলি মানুষের চোখও।
এমভি শরিয়তপুর-১ নামের দ্বিতল লঞ্চটি আড়াই শতাধিক যাত্রী নিয়ে শরীয়তপুরের নড়িয়া থেকে ঢাকা যাওয়ার পথে সোমবার রাত আনুমানিক আড়াইটার দিকে দুর্ঘটনায় পড়ে। উদ্ধার পাওয়া যাত্রীরা বলেছেন, একটি কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লাগলে তাৎক্ষণিকভাবে লঞ্চটি ডুবে যায়।
রাতেই আরেকটি লঞ্চের সহায়তায় ২৫-৩০ জনকে উদ্ধার করা সম্ভব হলেও কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের কর্মীরা মঙ্গলবার সকালে উদ্ধার অভিযান শুরু করেন। সর্বশেষ সেখান থেকে ৩১টি লাশ উদ্ধার করা হয়।
মেঘনার এই লঞ্চ দুর্ঘটনায় এখনো পরিবারসহ নিখোঁজ রয়েছেন বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনের সিনিয়র ক্যামেরাম্যান মাসুদ চৌধুরী (৩০)। গত বুধবার চাচাতো ভাইয়ের বিয়েতে যোগ দিতে ঢাকা থেকে শরিয়তপুর আসেন তিনি। সোমবার একমাত্র ছেলে মাহিম আর স্ত্রী পান্নাকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন।
মাসুদের আত্মীয় মো. আসিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকার বাসায় তার যাবতীয় জিনিসপত্র রয়ে গেছে। তিনি আর নেই, এগুলো এখন শুধুই স্মৃতি।”
এসময় কান্নায় ভেঙ্গে পড়েন মাসুদের ছোট ভাই ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরাম্যান মামুন চৌধুরী।
দীর্ঘদিন পর স্ত্রী সন্তান নিয়ে দেশে বেড়াতে এসেছিলেন কার্তিকপুর গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী শামীম ফকির। মঙ্গলবার তাদের সেখানে ফিরে যাওয়ার কথা ছিল। পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন। লঞ্চ দুর্ঘটনায় সবাই নিখোঁজ বলে জানান শামীমের মামা গাজী আব্দুর রহমান।
সুরেশ্বর লঞ্চঘাটে নিখোঁজ হয়েছেন আরেক ইতালি প্রবাসী মাসুম ঢালী। তার বড় ভাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাসুম ইতালিতে ব্যবসা করতেন। ইতালি থেকে মালিক আসছে জেনে সে তাড়াতাড়ি করে ঢাকার লঞ্চে উঠে। এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি।”
নিখোঁজ রূপবান বিবি ছোট ভগ্নিপতির দাফনে অংশ নিতে ঢাকা রওয়ানা হয়েছিলেন। এখন তিনিই নিখোঁজ বলে জানালেন তার বোন রোশনা বেগম।
ভেদরগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মান্নান হাওলাদার জানান, ভেদরগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের পুটিয়া গ্রামের আব্দুল জলিল সরদারের স্ত্রী-পুত্র-কন্যা-পুত্রবধু-মেয়ে জামাই-নাতি-নাতনিসহ একই পরিবারের ১৩ জন নিখোঁজ রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/২০১০ ঘ.
bdnews24