২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদেমের সঙ্গেই ‘প্রতারণা’ কুতুববাগ পীরের

পীরের ‘প্রতারণায়’ সহযোগিতার অভিযোগ আনা হয়েছে ডেসটিনি গ্রুপের চেয়ারম্যানসহ তিন জনের বিরুদ্ধে, মামলার পর পীরসহ সবাইকেই তলব করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2012, 01:57 PM

Updated : 24 Aug 2022, 10:58 AM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুতুববাগ পীরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন তারই দরবার শরিফের এক খাদেম। প্রতারণার মাধ্যমে জোর করে সম্পত্তি আত্মসাতের অভিযোগে মঙ্গলবার মামলার পর ঢাকার একটি আদালত পীর মো. জাকির শাহকে তলবও করেছে। পীরের কাজে সহযোগিতা করায় তলব করা হয়েছে ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল আমিনসহ আরো দুজনকে। তারা হলেন- কবির হোসেন ও ইসমাইল হোসেন বাবু। কুতুববাগ দরবার শরিফের সাবেক খাদেম সৈয়দ শরীফুল হক চিশতী ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার পর তলবের আদেশ দেন হাকিম হাসিবুল হক। কুতুববাগ পীরসহ চার জনকে আগামী ১৫ এপ্রিল আদালতে হাজির হতে হবে বলে জানিয়েছেন বাদির আইনজীবী পরিমল কুমার বিশ্বাস। তিনি সাংবাদিকদের জানান, বাদিকে গত বছরের ১৩ এপ্রিল দরবার শরিফে আটক রেখে আমমোক্তারনামার কথা বলে কিছু স্ট্যাম্পসহ কার্টিজ পেপারে আসামিরা স্বাক্ষর নেয়। “পরবর্তীতে বাদি জানতে পারেন, পীর জাকির শাহ ডেসটিনি চেয়ারম্যান রফিকুল আমিনের কাছে বাদির পৈত্রিক সম্পত্তি (৩২৪৭ অযুতাংশ জমি) ১৬ কোটি ৫০ লাখ টাকায় বিক্রি করে দিয়েছেন,” বলেন তিনি। আইনজীবী বলেন, বাদি তার পীরের কাছে এই ঘটনার ব্যাখ্যা চাইলে পীর উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং ভাড়াটে গুণ্ডাবাহিনী দিয়ে বাদিকে হত্যার হুমকি দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৯৪৬ ঘ.