ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের চলতি অধিবেশনে বিরোধী দলের ছয় সদস্যের দেওয়া ৭৬টি মুলতবি প্রস্তাব তাদের অনুপস্থিতিতে নাকচ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার অধিবেশনের শুরুতে সংসদের কার্যপ্রণালীর ৬২ বিধির আওতায় এসব নোটিস নিষ্পত্তি করেন স্পিকার আবদুল হামিদ।
দেশের আইন-শৃঙ্খলার অবনতি, সাংবাদিক দম্পতি হত্যা, বিএসএফের হত্যাকাণ্ড, গ্যাস-বিদ্যুৎ সঙ্কট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শেয়ার বাজার পরিস্থিতি, প্রশাসন ও ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) এবং সড়ক দুর্ঘটনা নিয়ে আলোচনা চেয়ে নোটিসগুলো দেওয়া হয়েছিল।
স্পিকার বলেন, “এসব প্রস্তাব পর্যালোচনা করা হয়েছে। সংসদে উপস্থিত না থাকায় মুলতবি প্রস্তাবগুলো গ্রহণ করা গেল না বলে দুঃখিত।”
এই প্রসঙ্গে আবদুল হামিদ আরো বলেন, সংশ্লিষ্ট বিষয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। বাকিগুলোর বিষয়ে আরো ব্যবস্থা নেওয়া হবে আশা করা যাচ্ছে।
“কিছু নোটিসের বিষয় অনুমাননির্ভর, আর কিছু নোটিস কার্যপ্রণালীর অন্যান্য বিধিতে নিষ্পত্তিযোগ্য,” বলেন তিনি।
নাকচ নোটিসগুলোর ৩৫টি ছিল জাফরুল ইসলাম চৌধুরীর এবং ১৫টি ছিল নাজিমউদ্দিন আহমেদের। এছাড়া নিলোফার চৌধুরী মনি ৬টি, রেহানা আক্তার রানু ২টি, মাহবুবউদ্দিন খোকন ১০টি, আবুল খায়ের ভূঁইয়া ৮টি নোটিস দিয়েছিলেন।
বিএনপি অনেকদিন ধরেই সংসদ বর্জন করে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/এমআই/১৯২৪ ঘ.
bdnews24