ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ আদালতে প্রায় তিন লাখ মামলা বিচারাধীন রয়েছে বলে সংসদে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
সংসদ সদস্য তারানা হালিমের এক প্রশ্নের উত্তরে মঙ্গলবার অধিবশেনে এই তথ্য জানান মন্ত্রী।
তিনি জানান, গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ১২ হাজার ৪৪১টি। হাই কোর্ট বিভাগে ২ লাখ ৭৯ হাজার ৯২৩টি মামলা বিচারাধীন রয়েছে।
একই সময়ে নিম্ন আদালতে বিচারাধীন দেওয়ানি মামলার সংখ্যা ৬ লাখ ৩৯ হাজার ৩৫০টি এবং ফৌজদারি মামলার সংখ্যা ১০ লাখ ৭৩ হাজার ১১০টি বলে সংসদে জানানো হয়।
আইনমন্ত্রী আরো জানান, বিচারকের শূন্য পদ পূরণ করার জন্য নিয়োগের পর নিু আদালতে ২১১ জন সহকারী জজ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট যোগ দিয়েছেন।
শফিক জানান, বর্তমানে দেওয়ানি কার্যবিধির অধীন বিকল্প বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা থাকলেও তা বাধ্যতামূলকভাবে প্রয়োগযোগ্য নয়।
বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির লিখিত প্রশ্নের জবাবে পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৪টি অভিন্ন ও সীমান্তবর্তী নদী রয়েছে। এরমধ্যে ভারত গঙ্গা নদীর উজানে ফারাক্কা ব্যারেজ, মহানন্দা নদীর উজানে মহানন্দা ব্যারেজ ও তিস্তা নদীর উজানে তিস্তা ব্যারেজ নির্মাণ করেছে।
পানিসম্পদমন্ত্রী বলেন, এছাড়া মনু নদীর উজানে মনু ব্যারেজ, খোয়াই নদীর উজানে খোয়াই ব্যারেজ, গোমতী নদীর উজানে মহারানী ব্যারেজ নির্মাণ করা হয়েছে বলে জানা যায়। মুহুরী নদীর উজানে কালসি ব্যারেজ নির্মাণাধীন রয়েছে বলে জানা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৮৫৬ ঘ.
bdnews24