২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কথা না বলার আদেশ মান্য করেছি: পুলিশ

“রুলের আদেশ মেনে খুনিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। যদিও এটা আমাদেরই (পুলিশ) কাজ। তবে রুল জারির পর অতীব গুরুত্ব আরোপ করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।” আবু সুফিয়ানকে বলেছেন ডিএমপির মুখপাত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2012, 12:57 PM

Updated : 24 Aug 2022, 10:58 AM

আবু সুফিয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ডের ঘটনায় গণমাধ্যমের সঙ্গে কথা না বলতে উচ্চ আদালতের দেওয়া আদেশ সঠিকভাবে মেনে চলেছেন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মনিরুল ইসলাম। মঙ্গলবার টেলিফোনে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রুলের দুটি আদেশের মধ্যে যথাযথ অগ্রগতি ছাড়া সাংবাদিকদের সঙ্গে কথা বলা থেকে বিরত থাকার যে আদেশ ছিল তা আমরা সফলভাবে মান্য করে চলেছি। অর্থাৎ সাংবাদিকদের সঙ্গে সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে কথা বলছি না।” বেসরকারি টেলিভিশন মাছরাঙার সাংবাদিক সাগর এবং এটিএন বাংলার রুনি গত ১১ ফেব্রুয়ারি ঢাকায় নিজের বাসায় খুন হন। হত্যাকাণ্ডের পর এক মাস পার হলেও খুনিদের চিহ্নিত কিংবা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে পুলিশের নিশ্চিত না হওয়া এবং সংবাদ মাধ্যমে নানা রকম খবর প্রচারের এক পর্যায়ে গত ২৮ ফেব্রুয়ারি পুলিশের প্রতি রুল জারি করে হাইকোর্ট। আদালতের আদেশ মেনে খুনী গ্রেপ্তারের চেষ্টা চলছে উল্লেখ করে মনিরুল বলেন, “রুলের আদেশ মেনে খুনীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। যদিও এটা আমাদেরই (পুলিশ) কাজ। তবে রুল জারির পর অতীব গুরুত্ব আরোপ করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।” সুনির্দিষ্ট তথ্য ছাড়া তদন্ত বিঘ্নিত হতে পারে, এমন বিবৃতি গণমাধ্যমে দেওয়া থেকে বিরত থাকতেও সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেয় আদালত। এছাড়া হত্যাকাণ্ডের প্রকৃত কারণ নির্ণয় এবং খুনী আইনের আওতায় আনতে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানাতে পুলিশকে দুই সপ্তাহ সময় দেয় আদালত। মঙ্গলবার (১৩ মার্চ) এ সময় শেষ হয়। এ ব্যাপারে জানতে চাইলে ডিএমপি মুখপাত্র মনিরুল বলেন, হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি সংক্রান্ত হাইকোর্টের রুলের জবাব আগামী ২/৩ দিনের মধ্যে আদালতে জমা দেওয়া হবে। আদালতের রুল জারির পর তার আদেশ সংক্রান্ত নথি ৩/৪ দিন পর হাতে পেয়েছেন জানিয়ে মনিরুল ইসলাম বলেন, “তাই কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতেও একটু দেরি হচ্ছে।” ‘১০ মার্চের পর পুলিশ যোগাযোগ করেনি’ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের মামলার বাদি ও রুনির ভাই নওশের রোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১০ মার্চের পর পুলিশের আর কোন সদস্যই আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। সর্বশেষ ১০ মার্চ বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা কিছু স্বর্ণালঙ্কার নিয়ে পুলিশের দুই সদস্য বাসায় এসেছিলেন।” “আমরা পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছি না, তবে যোগাযোগ করলে তারা অত্যন্ত সৌজন্যমূলক আচরণ করছেন এবং খুনীদের গ্রেপ্তারের ব্যাপারে বরাবরের মতোই আশ্বাস দিয়ে আসছেন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/আরএ/জিএনএ/১৮৫৩ ঘ.