২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে জেএসএসের সড়ক অবরোধ

খাগড়াছড়ি-পানছড়ি সড়কে শান্তিপূর্ণভাবে দিনব্যাপী সড়ক অবরোধ শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2012, 12:04 PM

Updated : 24 Aug 2022, 10:58 AM

খাগড়াছড়ি, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ি-পানছড়ি সড়কে শান্তিপূর্ণভাবে দিনব্যাপী সড়ক অবরোধ শেষ হয়েছে। নেতাকর্মীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে পার্বত্য চট্রগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস- এমএন লারমা) এই কর্মসূচির কারণে ২৫ কিলোমিটারের এই সড়কের কোনো যান চলাচল করেনি। সরজমিনে দেখা যায়, সড়কের কোথাও পিকেটিং চোখে পড়েনি, তবে পানছড়ি সদরে পিকেটিং করেছে অবরোধকারীরা। সড়কে সেনা ও পুলিশ বাহিনীর সদস্যদের দেখা গেছে। যান না চলায় স্কুল ও অফিসগামীদের ভোগান্তিতে পড়তে হয়। গত শুক্রবার পানছড়ির শিবমন্দির এলাকায় চাঁদার দাবিতে একটি চাল বোঝাই ট্রাক পুড়িয়ে দেয় স্থানীয় দুর্বৃত্তরা। প্রতিবাদে পরদিন ব্যবসায়ীরা খাগড়াছড়িতে অর্ধদিবস হরতাল কর্মসূচি পালন করে। ট্রাক পুড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত চাউল ব্যবসায়ী উত্তম দে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় জেএসএসের (এমএন লারমা) পানছড়ি উপজেলা সাধারণ সম্পাদক সুপন চাকমা সাগরসহ অজ্ঞাত আরো ১০/১২ জনকে আসামি করা হয়। জেএসএস (এম এন লারমা) এর সমর্থকরা আগে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসের সঙ্গেই ছিলো। নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে তারা বছর দুয়েক আগে সন্তু লারমার নেতৃত্বাধীন সংগঠন থেকে বেরিয়ে আলাদা সংগঠন করে। জেএসএস (এম এন লারমা) পানছড়ি উপজেলা সভাপতি আয়তন চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মিথ্যা মামলা প্রত্যাহারে সাত দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে। সোমবার শান্তিপূর্ণভাবে সড়ক অবরোধ পালিত হয়েছে। দাবি আদায় নাহলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। জেলা পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সদস্য সচিব কে এম ইসমাইল জানান, অবরোধের কারণে খাগড়াছড়ি-পানছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ট্রাক পোড়ানোর ঘটনার দায়ীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি করেন তিনি। ওই মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান জানান, পুলিশ সতর্ক থাকায় উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি । হঠাৎ কর্মসূচি ঘোষণা করায় জনগণকে ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে । এ ছাড়া ট্রাক পোড়ানোর মামলার তদন্ত চলছে। এখনো কোনো আসামি গ্রেপ্তার হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৮০০ ঘ.