ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে।
মঙ্গলবার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলার কার্যক্রম শুরুর পর প্রসিকিউটর আলতাফ উদ্দিন আহমেদ অভিযোগ পড়ে শোনানো শুরু করেন।
তিনি ৭২ পৃষ্ঠার প্রতিবেদনের মধ্যে ২৩ পৃষ্ঠা পর্যন্ত পড়ার পর ট্রাইব্যুনালের কার্যক্রম বুধবার পর্যন্ত মুলতবি করা হয়।
গত ১১ ডিসেম্বর নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ট্রাইব্যুনালে উপস্থাপন করে প্রসিকিউশন।
এতে মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয় জামায়াত আমীরের বিরুদ্ধে। ট্রাইব্যুনাল গত ৯ জানুয়ারি এ অভিযোগ আমলে নেয়।
২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাতের একটি মামলায় গ্রেপ্তার করা হয় নিজামীকে। পরে তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এদিকে জামায়াতের আরেক নেতা আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধেও অভিযোগ গঠনের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছে ট্রাইব্যুনাল।
মঙ্গলবার এ মামলার শুনানি শুরু হলেও প্রসিকিউটর মোহাম্মদ আলীর প্রস্তুতি না থাকায় বিচারক তাকে বুধবার প্রস্তুতি নিয়ে আসতে বলেন।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল¬ার বিরুদ্ধে গত ১ নভেম্বর জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। ২৮ ডিসেম্বর তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
একাত্তরে কাদের মোল্লার বিরুদ্ধে দেওয়া প্রতিবেদনে বলা হয়, একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে কাদের মোল্লার অপরাধ ক্ষেত্র ছিল মিরপুর ও মোহাম্মদপুর এলাকা। ২৫ মার্চ মধ্যরাত থেকে ওই এলাকায় বাঙালী নিধন শুরু করেন তিনি। স্থানীয় বিহারীরা তাকে সহায়তা করে।
মিরপুরের আলোকদী গ্রামেও গণহত্যায় অংশ নেন জামায়াতের এই নেতা, যিনি নৃশংসতার জন্য পরিচিতি পান ‘জল্লাদ’ বা ‘কসাই’ নামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১৬৪২ ঘ.
bdnews24