হবিগঞ্জ, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় একটি গ্রামে তুচ্ছ কারণে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হয়েছে।
মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার মক্রমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে পারভেজ মিয়া (২০) ও বাবুল মিয়াকে (৩০) আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী কলেজ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, গত ৫ মার্চ মক্রমপুর গ্রামের আবু মিয়ার স্ত্রী রেনু বেগমের হাঁস একই গ্রামের জাহির মিয়ার পুকুরে যায়। এতে ক্ষিপ্ত জাহির মিয়া ও তার ভাইদের হামলায় রেনু বেগম আহত হন।
“এ ঘটনার জের ধরে সকালে দুই পক্ষের লোকজন বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা এ সংঘর্ষ চলে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
সংঘর্ষের পর পরই জড়িতরা হাওর এলাকা দিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৬০৭ ঘ.
bdnews24