ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের গজারিয়ায় আড়াইশ যাত্রী নিয়ে লঞ্চডুবির ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান শামসুদ্দোহা খন্দকার মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল থেকে সাংবাদিকদের জানান, নৌ পরিবহন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ এবং সমুদ্র পরিবহন অধিদপ্তর এই তিনটি কমিটি করেছে।
নৌ পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান বিডনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মন্ত্রণালয়ের গঠিত পাঁচ সদস্যের কমিটির প্রধান করা হয়েছে যুগ্ম সচিব বায়তুল আমিন ভূঁইয়াকে। এ কমিটিকে দুর্ঘটনার কারণ তদন্ত করে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এমভি শরিয়তপুর-১ নামের দ্বিতল লঞ্চটি শরীয়তপুরের নড়িয়া থেকে ঢাকা যাওয়ার পথে সোমবার রাত আনুমানিক আড়াইটার দিকে দুর্ঘটনয় পড়ে। উদ্ধার পাওয়া যাত্রীরা বলেছেন, একটি কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লাগলে তাৎক্ষণিকভাবে লঞ্চটি ডুবে যায়।
রাতেই আরেকটি লঞ্চের সহায়তায় ২৫-৩০ জনকে উদ্ধার করা সম্ভব হলেও কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তপক্ষের কর্মীরা মঙ্গলবার সকালে উদ্ধার অভিযান শুরু করেন। সর্বশেষ সেখান থেকে ২৬টি লাশ উদ্ধার করা হয়।
এই ঘটনায় নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।
নৌ পরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটির বাকি সদস্যরা হলেন- বিআইডব্লিউটিএর একজন পরিচালক, মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সমুদ্র পরিবহন অধিদপ্তরের মুখ্য পরিদর্শক এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোতাহার হোসেন।
মোতাহার হোসেন এই কমিটির সাচিবিক দায়িত্ব পালন করবেন বলে নৌ পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান।
অন্য দুটি কমিটির সদস্য সংখ্যা কতো এবং তাতে কাদের সদস্য হিসেবে রাখা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/সিএস/জেকে/১৫৩৪ ঘ.
bdnews24