২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াইশ যাত্রী নিয়ে মেঘনায় লঞ্চডুবি

কোস্টগার্ড সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ শুরু করলেও ডুবে যাওয়া লঞ্চের অবস্থান এখনো চিহ্নিত করা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2012, 03:36 AM

Updated : 24 Aug 2022, 10:58 AM

মুন্সীগঞ্জ/চাঁদপুর, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আড়াই শতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে। কোস্টগার্ড সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ শুরু করলেও ডুবে যাওয়া লঞ্চের অবস্থান এখনো চিহ্নিত করা যায়নি। লঞ্চের বেঁচে যাওয়া যাত্রীদের বরাত দিয়ে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. আজিজুল আলম জানান, সোমবার রাত আড়াইটার দিকে গজারিয়ার কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রী দুলাল দেওয়ান সাংবাদিকদের জানান, এমভি শরিয়তপুর-১ নামের দ্বিতল লঞ্চটি শরীয়তপুরের নড়িয়া থেকে ঢাকা যাচ্ছিল। রাত আনুমানিক আড়াইটার দিকে একটি তেলবাহী কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে যায়। দুলাল জানান, লঞ্চের আড়াইশর মতো যাত্রীর অধিকাংশই দুর্ঘটনার সময় ঘুমিয়ে ছিলেন। দুর্ঘটনার পর চাঁদপুর থেকে ঢাকাগামী এমভি মিতালী নামের আরেকটি লঞ্চের সহায়তায় ২৫-৩০ জনকে উদ্ধার করা সম্ভব হয়। মিতালী লঞ্চের আনসার কমান্ডার আব্দুল হালিম জানান, “শরীয়তপুর-১ ডুবে যাচ্ছে দেখে তাৎক্ষণিকভাবে আমাদের লঞ্চের সবগুলো বয়া নদীতে ছেড়ে দেওয়া হয়। এতে করেই প্রায় ৩০ জনকে উদ্ধার করা গেছে। জেলা প্রশাসক আজিজুল আলম মঙ্গলবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুর্ঘটনা রাতে ঘটেছে। এ কারণে ডুবে যাওয়া লঞ্চটি চিহ্নিত করতে সমস্যা হচ্ছে।” “কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা কাজ শুরু করেছেন। উদ্ধারকারী জাহাজ রুস্তমও রওনা হয়েছে”, যোগ করেন তিনি। দুর্ঘটনাকবলিত লঞ্চের যাত্রী দুলাল জানান, তিনি বেঁচে গেলেও তার পরিবারের ৮ জন এখনো নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে তার শ্যালক শামীম ফকির ও তার স্ত্রী পলীও ছিলেন, যাদের মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ফ্লাইটে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০৯২০ ঘ.