২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫

চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীকে হত্যা ও পরবর্তীতে মালামাল লুটের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2012, 12:39 PM

Updated : 24 Aug 2022, 10:57 AM

চট্টগ্রাম, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীকে হত্যা ও পরবর্তীতে মালামাল লুটের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আবুল কাশেম জানান, গত রোববার পর্যন্ত তিন দিনের অভিযানে চট্টগ্রাম, ফেনী ও নোয়াখালী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এছাড়া একটি মোবাইল সেট, দুই ভরি স্বর্ণের গলার হার, একটি শাড়ি ও হত্যার কাজে ব্যবহৃত রক্তমাখা তিনটি ছুরি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারতৃরা হলেন- মো. আলী (১৮), মো. সোহাগ (২২), মো. শহিদুল ইসলাম ইলিয়াছ (২২), মো. সোহাগ (২২) ও আব্দুল মান্নান (২৩)। এদের বাড়ি কক্সবাজার, কুমিল্লা, নোয়াখালী ও ঢাকা জেলার বিভিন্ন থানায়। গত ১৭ ফেব্র“য়ারি নগরীর বাকলিয়া থানার রসুলবাগ এলাকায় প্রবাসীর স্ত্রী খতিজা বেগম বেবীকে তার বাসায় হত্যা করে পরে বাসার মালামাল লুট করে গ্রেপ্তারকৃতরা। সোমবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ের সম্মেলন কক্ষে গ্রেপ্তারকৃতদেরকে সাংবাদিকদের সামনে হাজির করে বিস্তারিত তুলে ধরা হয়। কমিশনার মো. আবুল কাশেম সাংবাদিকদের বলেন, “বেবী হত্যাকাণ্ডের ঘটনার গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা মালামাল বস্তুগতভাবে প্রমাণ করে তারা এ হত্যার সঙ্গে জড়িত।” গ্রেপ্তার হওয়া ইলিয়াছ সাংবাদিকদের জানান, বেবীর নির্মাণাধীন বাসার টাইলসের কাজ করতো তারা। ঘটনার দিন বেবী ও তার শিশুপুত্র ছাড়া বাসায় আর কেউ না থাকায় ওইদিন ইলিয়াসসহ সাতজন ডাকাতি করে। ইলিয়াস বলেন, “টাইলস মিস্ত্রী পরিচয় দিয়ে বেবীকে ঘরের দরজা খুলতে বলি। দরজা খুললে আমরা সবাই ঘরে ঢুকে দরজা বন্ধ করে আলমারির চাবি দিতে বললে বেবী দিতে অপারগতা প্রকাশ করে। এরপর বেবী পাঁচ হাজার টাকা দিতে চাইলেও আলমারির চাবি না দেওয়ায় ধারালো ছুরি দিয়ে বেবীকে জবাই করা হয়।” এরপর স্বর্ণালংকার, মোবাইল ফোন ও টাকাসহ প্রায় ৪ লাখ ১০ হাজার টাকার মালামাল লুট করেন তারা। ঘটনার দিনই তার ছোট ভাই মো. ইউনুস অজ্ঞাতনামাদের আসামি করে বাকলিয়া থানায় একটি হত্যা ও ডাকাতি মামলা করেন। পুলিশ কর্মকর্তা মো.আবুল কাশেম বলেন, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন নির্মানাধীন ভবনের কাজ নেয়। পরে ওই ভবন ও আশপাশের ভবনে রাতে সুযোগ পেয়ে ডাকাতি করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/কিউএইচ/আরএ/১৮৩৬ ঘ.