চট্টগ্রাম, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাস্টমসের পরীক্ষা ছাড়া পণ্য ছাড়ের চেষ্টার অভিযোগে বন্দরে দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তাকর্মীরা।
বন্দর থানার ওসি নুরুল আফসার জানান, রোববার রাত ১০টার দিকে তাদের আটক করে বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটককৃতরা হলেন- সিএন্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান এশিয়া ট্রেডিংয়ের আবদুল মোনাফ (৫৫) ও আরশাদ হোসেন (২৭)।
তিনি বলেন, “পণ্য ছাড়ের প্রক্রিয়া সম্পন্ন করার আগেই তারা খালাসের চেষ্টা করছিলেন। এ অভিযোগে তাদের আটক করে থানায় দিয়েছে বন্দরের নিরাপত্তাকর্মীরা।”
নিরাপত্তা কর্মকর্তা এসএম জাহাঙ্গীর কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বন্দরের এনসিটি ইয়ার্ডে কাস্টমসের পরীক্ষা ছাড়া আমদানি করা কাপড় ট্রাকে ওঠাচ্ছিলো আটককৃতরা।
তাদের কাছে বন্দর থেকে পণ্য ছাড় করার কোনো কাগজ ছিল না। পরে চট্টগ্রাম কাস্টমসের কর্মকর্তারা এসে পণ্যগুলো জব্দ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কিউএইচ/আরএ/১৪২৪ ঘ.
bdnews24