২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ১৮ ট্রেন বন্ধ

ঢাকায় বিরোধী দলের মহাসমাবেশের প্রেক্ষাপটে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সোমবার ১৮টি ট্রেন বন্ধ রাখার দেওয়ার ঘোষণা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2012, 06:45 AM

Updated : 24 Aug 2022, 10:57 AM

নারায়ণগঞ্জ, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় বিরোধী দলের মহাসমাবেশের প্রেক্ষাপটে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সোমবার ১৮টি ট্রেন বন্ধ রাখার দেওয়ার ঘোষণা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এ রুটে সরকারি ছুটির দিন ছাড়া আপ-ডাউন রুটে নিয়মিত ২৮টি ট্রেন চলাচল করলেও সোমবার ১০টি ট্রেন চলবে বলে জানিয়েছে রেল কর্মকর্তারা। নারায়ণগঞ্জ রেল স্টেশনের স্টেশন মাস্টার আবদুল আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকালে রেলওয়ের কমলাপুর স্টেশনের কন্ট্রোল বিভাগ থেকে এক নোটিশে জানানো হয়েছে, ঢাকা-নারায়ণগঞ্জ আপ-ডাউন রুটে ২৮টি ট্রেনের স্থলে ১০টি ট্রেন চলাচল করবে। তবে ট্রেন চলাচল কমিয়ে দেওয়ার কারণ কী তা স্পষ্ট করে জানাতে পারেননি রেল কর্মকর্তা আবদুল আজিজ। তিনি জানান, ঢাকার কমলাপুল থেকে সকাল ৮টায়, দুপুর ১২টায়, বিকেল ৩টা ৩৫ মিনিট, সন্ধ্যা ৬টা ও রাত ৮টায় নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ট্রেন ছেড়ে আসবে। আর নারায়ণগঞ্জ থেকে সকাল সাড়ে ৯টায়, দুপুর আড়াইটায়, বিকেল ৪টা ৫০ মিনিট, রাত ৭টা ও রাত ৯টায় ঢাকার উদ্দেশ্যে ট্রেন ছেড়ে যাবে। হঠাৎ করে ট্রেনের সংখ্যা কমিয়ে আনার কারণে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে মানুষের দুর্ভোগ চরম আকারে রূপ নিয়েছে। তবে সকাল থেকেই অফিসগামী মানুষ লোকাল বাস, ট্যাক্সি, অটোরিকশায় করে সাইনবোর্ড এলাকায়, পরে সেখান থেকে যাত্রাবাড়ী হয়ে রিকশায় করে মতিঝিল এলাকায় যাচ্ছেন। রাজধানীতে বিএনপির ১২ মার্চের সমাবেশকে সামনে রেখে শনিবার বিকেলের পর থেকেই নারায়ণগঞ্জে বাস ও লঞ্চ চলাচল কমিয়ে দেন মালিকরা। রোববার সকাল থেকে তা একেবারেই বন্ধ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এসইউ/১২৩৭ ঘ.