ঝালকাঠী, মার্চ ১১ ( বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠীর নলছিটি উপজেলার দপদপিয়া খেয়াঘাট ইজারার দরপত্র আহ্বান করায় বরিশাল বিভাগীয় কমিশনারসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিস জারি হয়েছে।
রোববার সকালে নলছিটি উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জি কে মোস্তাফিজুর রহমান এ নিয়ে মামলা করলে বিকেলে ঝালকাঠী জ্যেষ্ঠ আদালত তাদের কারণ দর্শাতে বলেন।
নোটিস প্রাপ্তরা হলেন, বরিশাল বিভাগীয় কমিশনার আবু হেনা মুহম্মদ রহমতুল মুনীনসহ স্থানীয় সরকার বরিশাল বিভাগের পরিচালক ও ঝালকাঠী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা।
বাদীর আইনজীবী শাহাদাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঝালকাঠী জ্যেষ্ঠ আদালতের (নলছিটি) বিচারক মাসুদুর রহমান এ বিষয়ে কেন নিষেধাজ্ঞা দেওয়া হবে না- তা জানতে চেয়ে বিবাদীদের তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।
নলছিটি উপজেলা পরিষদের নির্দেশে নির্বাহী কর্মকর্তা গত ৯ ফেব্র“য়ারি ফেরিঘাটের ইজারা ও ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিমালা অনুযায়ী দপদপিয়া খেয়াঘাট এক বছরের জন্য ইজারার বিজ্ঞপ্তি দেন।
এরপর গত ২২ ফেব্র“য়ারি ঝালকাঠী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বিভাগীয় কমিশনারে বরাবরে খেয়া ঘাটের উভয় পাশের সম্পত্তি জেলা পরিষদের মালিকানাধীন দাবি করে আবেদন পাঠায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/২১৪০ ঘ.
bdnews24