ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু-১’ উৎক্ষেপণে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
যুক্তরাষ্ট্রের স্পেস পার্টনারশিপ ইন্টারন্যাশনাল (এসপিআই) পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ পেয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে রোববার অনুষ্ঠিত কমিটির বৈঠক শেষে বিভাগের অতিরিক্ত সচিব নুরুল করিম সাংবাদিকদের এ তথ্য দেন। কমিটির সভাপতি আবুল মাল আব্দুল মুহিত বৈঠকে সভাপতিত্ব করেন।
নূরুল করিম জানান, সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর উপগ্রহটি উৎক্ষেপণের জন্য পরামর্শক প্রতিষ্ঠানটি কাঠামো তৈরি, গ্রাউন্ড স্টেশন ব্যবস্থাপনা, বাজার মূল্যায়ন, উপগ্রহ বাজারজাতকরণ এবং স্থানীয় বিশেষজ্ঞদের প্রশিক্ষণ দেওয়ার কাজ করবে। একই সঙ্গে উপগ্রহ উৎক্ষেপনের সব প্রয়োজনীয় কাজ এ সময়ের মধ্যে শেষ করা হবে। এজন্য ৭২ কোটি ৯৮ লাখ ৬৮ হাজার টাকা ব্যয় হবে।
নুরুল করিম জানান, ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি আরও চারটি প্রস্তাব অনুমোদন করে।
ভারতীয় ঋণের অর্থে ওই দেশের প্রতিষ্ঠান ‘রাইটস ইন্ডিয়া’ থেকে ১৬টি লোকমোটিভ (রেলের ইঞ্জিন) কেনার প্রস্তাবও অনুমোদন করা হয়। ৩৬৭ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে এসব লোকোমোটিভ কেনা হবে।
রংপুরের গঙ্গাচড়া উপজেলার গঙ্গাচড়া-বুড়িহাট-মহিপুর-কৈলাশগঞ্জ-কাকিনা সড়কে তিস্তা নদীর ওপর ৮৫০ মিটার দৈর্ঘ্যরে সেতু নির্মাণ কাজের দরপত্র অনুমোদন দেওয়া হয়। এ কাজটি পেয়েছে ডব্লিউএমসিজি ও নাভানা। এতে ব্যয় হবে ১২১ কোটি ৬৬ লাখ টাকা।
জাইকার অর্থায়নে খুলনা ওয়াসার পানি সররবাহ প্রকল্পে হংকংয়ের একম কোম্পানি লিমিটেড, অস্ট্রেলিয়ার এসএমইসি এসসিই কনসালটেন্ট এবং ডিজাইন বাংলাদেশকে যৌথভাবে পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে। এ প্রকল্পে ব্যয় হবে ৭২ কোটি ৩১ লাখ ১২ হাজার টাকা।
ভোলায় গ্যাসভিত্তিক ১৫০ থেকে ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ পেয়েছে কনসোর্টিয়ান ল্যান্ড কোম্পানি। এ কোম্পানির উৎপাদিত বিদ্যুৎ কিলোওয়াটপ্রতি দুই টাকা ৮১ টাকা দরে কিনবে সরকার।
এদিকে আন্তর্জাতিক আদালতের রায়ের প্রেক্ষিত্রে সমাপ্ত ভৈরব সেতুর ঠিকাদার এডমন্ড নাটাল লিমিটেডকে ছয় কোটি ১৮ লাখ ৭৮ হাজার টাকা ফেরত দেয়ার প্রস্তাবেরও অনুমোদন দেওয়া হয় বৈঠকে। আন্তর্জাতিক আদালতে করা মামলার একটি মামলার রায়ে প্রতিষ্ঠানটির কাছে থেকে অর্থ আদায় না করার আদেশ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৮৫৯ ঘ.
bdnews24