২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসসিতে দুই সদস্য নিয়োগ

অবসরপ্রাপ্ত দুই কর্মকর্তাকে সরকারি কর্মকমিশনের (পিএসসি) সদস্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2012, 12:29 PM

Updated : 24 Aug 2022, 10:57 AM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবসরপ্রাপ্ত দুই কর্মকর্তাকে সরকারি কর্মকমিশনের (পিএসসি) সদস্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। এরা হলেন- সাবেক অতিরিক্ত সচিব জহুরুল আলম এবং সাবেক যুগ্ম-সচিব মনিরুল ইসলাম তালুকদার। রাষ্ট্রপতির আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার তাদের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। পিএসসির বর্তমান চেয়ারম্যান এটি আহমেদুল কবিরের অধীনে এই প্রথম কাউকে পিএসসির সদস্য নিয়োগ করা হল। পিএসসির সদস্য আহমেদুল কবিরকে গত বছরের ২৩ নভেম্বর একই প্রতিষ্ঠানের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। এছাড়া দুই জনের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বৃদ্ধি, দুই জনকে উপসচিব পদে পদোন্নতিসহ প্রশাসনের বিভিন্ন পদে রদবদলও করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির নির্বাহী ভাইস চেয়ারম্যান পদে চুক্তিতে থাকা খন্দকার মাজহারুল হকের মেয়াদ ১৪ মার্চ থেকে আরো এক বছর বাড়ানো হয়েছে। এছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে চুক্তিতে থাকা ফজলুল কবীরের চুক্তির মেয়াদও গত ১৯ ফেব্র“য়ারি থেকে আরো এক বছর বাড়ানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) সিনিয়র সহকারী সচিব মলয় চৌধুরী এবং মুশফিকুর রহমানকে উপসচিব পদে পদোন্নতি দিয়ে একই মন্ত্রণালয়ে ওএসডি করা হয়েছে। পদোন্নতির পর তাদের গত ৮ ফেব্র“য়ারি থেকে ধারণাগত জ্যেষ্ঠতা দেওয়া হয়েছে। ৮ ফেব্র“য়ারি একযোগে প্রশাসনের ৬৪৯ জন কর্মকর্তাকে বিভিন্ন পদে পদোন্নতি দেওয়া হয়। ওএসডি উপসচিব হিসেবে সংসদ সচিবালয়ে সংযুক্ত মুনিম হাসান এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংযুক্ত জালাল উদ্দিন আহম্মেদকে জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব পদে প্রেষণে নিয়োগ পেয়েছেন পরিসংখ্যান বিভাগের সিনিয়র সহকারী সচিব খালেদ আহমেদও। তাদের চাকরি সংসদ সচিবালয়ে ন্যস্ত করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) নিয়োগের জন্য বিভিন্ন জেলার জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সাত জন সহকারী কমিশনারকে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। ভূমি মন্ত্রণালয় নিজ জেলার বাইরে এসব কর্মকর্তাকে পদায়ন করবে। এ সাত কর্মকর্তা হলেন চট্টগ্রামের একেএম রেজাউর রহমান, কুড়িগ্রামের সোহেল আহমেদ, মুন্সিগঞ্জের মো. মাঈন উদ্দিন, ঢাকার লিয়াকত আলী, রাঙ্গামাটির মো. মনিরুজ্জামান, নরসিংদীর মুহাম্মদ শহিদউল্লাহ এবং ময়মনসিংহের খন্দকার মু. মুশফিকুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগের জন্য সাত জন কর্মকর্তাকে বিভিন্ন বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। এদের মধ্যে তিন জন বর্তমানে ইউএনও পদে নিয়োজিত রয়েছেন। অন্যদের নতুন করে ইউএনও নিয়োগ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৮২৪ ঘ.