২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুইজনের হত্যাকারী মানসিক রোগীকে কুপিয়ে হত্যা

বান্দরবানে এক ‘মানসিক রোগীর’ দা’য়ের কোপে দুই জন নিহত হয়েছেন। পরে এলাকাবাসীও ওই মানসিক রোগীকে কুপিয়ে হত্যা করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2012, 11:29 AM

Updated : 24 Aug 2022, 10:57 AM

বান্দরবান, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানে এক ‘মানসিক রোগীর’ দা’য়ের কোপে দুই জন নিহত হয়েছেন। পরে এলাকাবাসীও ওই মানসিক রোগীকে কুপিয়ে হত্যা করে। রোববার সকালে সদরের বাঘমারার রাজেন্দ্র পাড়ায় মানসিক রোগী নুনুমনি তঞ্চঙ্গ্যা (১৭) মহিন্দ্র চাকমাকে (৯০) দা দিয়ে কুপিয়ে হত্যা করে। একই সময় দায়ের কোপে গুরুতর আহত নুনুমনি তঞ্চঙ্গ্যার মা কাজল রেখা তঞ্চঙ্গ্যা (৩৮) ও প্রতিবেশীনি চিবতি তঞ্চঙ্গ্যা (৩২)। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে চিবতি তঞ্চঙ্গ্যা মারা যান। কাজল রেখার অবস্থাও আশঙ্কাজনক। বান্দরবান সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আহমেদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নুনুমনি নামে ওই মানসিক রোগী সকাল সাড়ে ৬টার দিকে প্রতিবেশী মহিন্দ্রকে দা দিয়ে কোপালে ঘটনাস্থলেই তার মৃত্য হয়। এ সময় বাধা দিতে এসে মা কাজল রেখা ও চিবতি গুরুতর আহত হন। পরে প্রতিবেশীরা ধরে নুনুমনিকে দা দিয়ে কোপালে সেও ঘটনাস্থলেই মারা যায়। এসআই বলেন, “থানার ওসি আমির হোসেন ঘটনাস্থলে গেছেন। এলাকাটি বান্দরবান শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে। সে কারণে লাশ এখনো থানায় এসে পৌঁছেনি।” দুপরে ওসি জানান, চিবতিকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। স্থানীয় সাংবাদিক থোয়াইচিংউ মারমা জানিয়েছেন, রাজেন্দ্র পাড়ার নুনুমনি তঞ্চঙ্গ্যা ছোটকাল থেকেই মানসিক রোগী। স্থানীয় লোকজন তাকে পাগল হিসেবেই জানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৭২৫ ঘ.