শেরপুর, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট জায়গায় মোটর সাইকেল না থামানোয় শেরপুরের নকলায় মাদ্রাসা শিক্ষককে থাপ্পড় মারার পর এক পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
মাদ্রাসা শিক্ষক ও উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা ও শিক্ষক নুরে আলম সিদ্দিকী উৎপলকে থানার সামনে থাপ্পড় মারায় শুক্রবার রাতে থানার কনস্টেবল মজনু মিয়াকে প্রত্যাহার করে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় পুলিশের বিশেষ অভিযান চলাকালে মজনু মিয়া উৎপলকে তার মোটর সাইকেল থামাতে বলে। উৎপল সঙ্গে সঙ্গে না থামিয়ে একটু সামনে গিয়ে ফাঁকা জায়গায় মোটর সাইকেল দাঁড় করান। এরপরই কনস্টেবল সেখানে গিয়ে উৎপলকে থাপ্পড় মারেন।
ঘটনার পর স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, উৎপলের স্বজন ও এলাকাবাসী থানায় ছুটে এসে ঢাকা- শেরপুর সড়ক অবরোধ করে রাখে।
পরে উপজেলা চেয়ারম্যান ও সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সালাহউদ্দিন সিকদার থানায় এসে কনস্টেবলকে প্রত্যাহার ও শাস্তির আশ্বাস দিলে জনতা অবরোধ তুলে নেয় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।
এএসপি মো. সালাহউদ্দিন সিকদার জানান, ইতোমধ্যে কনস্টেবল মজনুকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৮৫২ ঘ.
bdnews24