২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি আনুষ্ঠানিক অনুমতি পায়নি: পুলিশ

ঢাকায় মহাসমাবেশ করার ব্যাপারে বিএনপি এখনো আনুষ্ঠানিক অনুমতি পায়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার মনিরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2012, 12:44 PM

Updated : 24 Aug 2022, 10:57 AM

ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় মহাসমাবেশ করার ব্যাপারে বিএনপি এখনো আনুষ্ঠানিক অনুমতি পায়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার মনিরুল ইসলাম। শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমার জানা মতে, এখনো আনুষ্ঠানিক কোনো অনুমতি তারা পায়নি।” তবে বিষয়টি মহানগর পুলিশের বিবেচনায় রয়েছে বলে উল্লেখ করেন এই কর্মকর্তা। এর আগে বিএনপির সোমবারের মহাসমাবেশ ও নগরবাসীর নিরাপত্তার নিয়ে বৈঠক করেন পুলিশের কর্মকর্তারা। ডিএমপি কমিশনার বেনজীর আহমেদের সভাপতিত্বে রাজারবাগ টেলিকম মিলনায়তনে এই বৈঠকে মহানগরের সব থানার ওসিরাও অংশ নেন। সোমবার নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ওই সমাবেশ থেকে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার। এ কর্মসূচি সামনে রেখে পুলিশ সারা দেশের বিএনপির তিন হাজারেরও বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে বলে অভিযোগ করেছে দলটি। খালেদা জিয়া গত জানুয়ারিতে চট্টগ্রামের এক সমাবেশ থেকে ঢাকায় এ মহাসমাবেশের ঘোষণা দেন। এরপর বিএনপির পক্ষ থেকে পল্টন ময়দান, মানিক মিয়া এভিনিউ বা নয়া পল্টনে এই কর্মসূচি পালনের অনুমতি চাওয়া হয় সরকারের কাছে। পল্টন ময়দান ও মানিক মিয়া এভিনিউ না পেয়ে মহানগর বিএনপির একটি প্রতিনিধি দল গত ৩ মার্চ মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদের সঙ্গে দেখা করেন। ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার আনোয়ার হোসেন ওইদিন সাংবাদিকদের জানান, ১২ মার্চ নয়া পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে জনসভা করতে মৌখিকভাবে অনুমতি দেওয়া হয়েছে। তবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার সকালে এক আলোচনা সভায় বলেন, নয়া পল্টনে মহাসমাবেশের মঞ্চ নির্মাণে পুলিশ বাধা দিচ্ছে। “তারা জানিয়েছে, এখনো তাদের কাছে অনুমতি আসেনি। মাইকও লাগাতে দিচ্ছে না পুলিশ।” “...বার বার টেলিফোন করেও পুলিশ কমিশনারের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। সরকারকে বলব, মহাসমাবেশ করার অনুমতি না দিলে আইন দেখিয়ে বলে দিন”, যোগ করেন তিনি। শনিবার রাত থেকে মঞ্চ নির্মাণ কাজ শুরু হবে জানিয়ে ফখরুল বলেন, এতে বাধা দেওয়া হলে দায় সরকারকেই নিতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/১৮৩৯ ঘ.