২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর ঢাকা কলেজে ও সবুজবাগে পুকুরে ডুবে শনিবার দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2012, 07:48 AM

Updated : 24 Aug 2022, 10:57 AM

ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ঢাকা কলেজে ও সবুজবাগে পুকুরে ডুবে শনিবার দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- ফরিদপুরের মো. রাব্বি (১৭) ও সবুজবাগের অঙ্কন বড়–য়া (১০)। পুলিশ জানায়, এসএসসি পরীক্ষা শেষে রাব্বি কয়েকদিন আগে কাকরাইল মসজিদে তাবলীগে আসে। সেখান থেকে শুক্রবার জুমার নামাজের পর ২৮ জনের একটি তাবলীগ দল ঢাকা কলেজ জামে মসজিদে যায় এবং সেখানে রাতযাপন করে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কয়েকজন মিলে ঢাকা কলেজের পুকুরে গোসল করতে নামলে রাব্বি পানিতে তলিয়ে যায়। এ সময় অন্যরা রাব্বিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাবলীগ দলের সদস্য মো. সোহেল হোসেন ও বিল্লাল ঢামেক হাসপাতালে সাংবাদিকদের জানান, রাব্বি ৪০ দিনের জন্য তাবলীগ জামাতে এসেছিল। রাব্বির গ্রামের বাড়ি ফরিদপুরে। বাবার নাম আব্দুর রহিম। ফরিদপুরের মনি কানন উচ্চ বিদ্যালয় থেকে সে চলতি বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। এদিকে, প্রায় একই সময় সবুজবাগের বৌদ্ধ মন্দিরের পুকুরের পানিতে ডুবে অঙ্কন বড়–য়া নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শিশুটির বাবা-মা ওই মন্দিরের শিক্ষক এবং অঙ্কন একই মন্দিরের স্কুলে চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিল। সকাল সাড়ে ১০টার দিকে অঙ্কনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ফাঁড়ির নায়েক মোখলেছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনা দুটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৩৪৫ ঘ.