২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাটে উঠে পড়া ট্রাকের চাকায় পিষ্ট ৫ জন

গোপালগঞ্জের বৌলতলীতে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতির মালবাহী ট্রাক হাটে ঢুকে পড়লে চাকায় পিষ্ট হয়ে পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2012, 01:29 PM

Updated : 24 Aug 2022, 10:56 AM

গোপালগঞ্জ, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের বৌলতলীতে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতির মালবাহী ট্রাক হাটে ঢুকে পড়লে চাকায় পিষ্ট হয়ে পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। শুক্রবার বিকেল ৪টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের বৌলতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার বটবাড়ি গ্রামের ছেলে হারুন ফকির ( ৩২), করপাড়া গ্রামের ওবায়দুর রহমান শেখ (২০), কলপুর গ্রামের সিয়াম মোল্লা (৭), তেলিভিটা গ্রামের সুজন (৩০) ও নাসির শেখ ( ৩৪)। গুরুতর আহতদের গোপালগঞ্জ আড়াই শ’ শয্যা জেনারেল হাসপাতাল ও খুলনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোপালগঞ্জের বৌলতলী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক হাসিমুজ্জামান জানান, ফেনী থেকে ছেড়ে আসা মোড়েলগঞ্জগামী একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ৪/৫টি ভ্যান নিয়ে হাটের মধ্যে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই ৪ জন এবং হাসপাতালে আরো ১ জনের মৃত্যু হয়। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২৫ জন। ট্রাকটি শেষমেশ খাদে পড়ে উল্টে যায় বলেও জানান তিনি। এদিকে ফরিদপুরের বোয়ালমারীতে মোটর সাইকেল দুর্ঘটনায় আরো দুই জনের মৃত্যু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফরিদপুর প্রতিনিধি জানান, জেলার বোয়ালমারী-ময়েনদিয়া আঞ্চলিক সড়কের ছোলনা নামক স্থানে শুক্রবার বিকেলে নিহত ওই দুই ব্যক্তি হলেন মোটর সাইকেল চালক উজ্জ্বল বসাক (২২) ও পথচারী রুস্তম শেখ (৭০)। আহত হয়েছেন আরোহী সজল। বোয়ালমারী থানার উপপরিদর্শক খালিদ আহমেদ জানান, বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। উজ্জ্বল ও সজল বোয়ালমারী থেকে তাদের মামা বাড়ি পোয়াইল গ্রামে যাচ্ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৯২০ ঘ.