সিলেট, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে প্রচারপত্র বিলির সময় নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের দুই কর্মীকে আটক করেছে র্যাব, তারা দুজনই শাহজালালবিশ্ববিদ্যালয়ের ছাত্র।
শুক্রবার দুপুর ২টার দিকে নগরীর শেখঘাট এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার কাজী বজলে মওলা।
আটককৃতরা হলেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিবিএ বিভাগের শেষ বর্ষের ছাত্র জুয়েল আহমদ এবং সিভিল অ্যান্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ছাত্র আতিক শাররাজ।
জুয়েলের বাড়ি সিলেটের বিয়ানীবাজারে, আতিকের বাড়ি চট্টগ্রামে বলে জানিয়েছে র্যাব।
কাজী মওলা জানান, শেখঘাট মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লিদের প্রচারপত্র বিলি করার সময় জুয়েল ও আতিককে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতদের সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান বজলে মওলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১৮১৬ ঘ.
bdnews24