২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সেনাবাহিনী পর্যায়েও দৃঢ় সম্পর্ক চায় ওয়াশিংটন’

ওয়াশিংটন পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যেও একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে চায় বলে জানিয়েছেন সফররত এক মার্কিন সেনা কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2012, 11:07 AM

Updated : 24 Aug 2022, 10:56 AM

শেখ শাহরিয়ার জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়াশিংটন পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যেও একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে চায় বলে জানিয়েছেন সফররত এক মার্কিন সেনা কর্মকর্তা। যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ফ্রান্সিস জে উইয়ারসিনস্কি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের মধ্যে সম্পর্ক অত্যন্ত দৃঢ়। তবে আমরা এই সম্পর্ককে এমন অংশীদারিত্বের জায়গায় নিয়ে যেতে চাই, যাতে প্রয়োজন হলেই টেলিফোন করে আমি জেনারেল মুবিনের (বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবিন) সঙ্গে কথা বলতে পারি। আমার ধারণা, জেনারেল মুবিনও তেমনই চান।” মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ড ও গ্লোবাল পিস অপারেশনস প্রোগ্রামের (জিপিওআই) আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে ‘শান্তিদূত-৩’ নামে এক যৌথ মহড়ায় অংশ নিতে বুধবার ঢাকায় আসেন উইয়ারসিনস্কি। এর আগে গতবছর ডিসেম্বরেও একবার ঢাকায় এসেছিলেন এই মার্কিন সেনা কর্মকর্তা। তিনি বলেন, “এখানে এসেই আমি বাংলাদেশের সংস্কৃতি ও জীবনযাত্রা সম্পর্কে ধারণা নিতে পারছি।” উইয়ারসিনস্কি জানান, গত গ্রীষ্মে সিঙ্গাপুরে জেনারেল মুবিনের সঙ্গে তার সাক্ষাত হয়। সে সময় তারা দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। সে সময়ই জেনারেল মুবিন বাংলাদেশের জঙ্গলে এই যৌথ মহড়া আয়োজনের প্রস্তাব দেন তাকে। যুক্তরাষ্ট্রে সামরিক প্রশিক্ষণের জন্য এ ধরনের জঙ্গল নেই উল্লেখ করে তিনি বলেন, সাধারণত পানামায় মার্কিন সেনাদের এ ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। উইয়ারসিনস্কি বলেন, মার্কিন সেনারা এ দেশে এসে সপ্তাহ দুই থাকলে দেখতে পারবে, এখানকার সেনাবাহিনী কীভাবে প্রশিক্ষণ নেয়। একইভাবে বাংলাদেশের সেনারাও প্রশিক্ষণ দেখতে আলাস্কা বা হাওয়াইয়ে যেতে পারে। সরকারি পর্যায়ে সহযোগিতা এই মার্কিন জেনারেল বলেন, বাংলাদেশের সরকার সেনাবাহিনীর বিষয়ে সহযোগিতা চাইলে যুক্তরাষ্ট্র তা দেবে। “উভয় দেশেই সেনাবাহিনী গণতান্ত্রিক সরকারের অধীনে কাজ করছে। সরকারের কাছ থেকে অনুমতি পেলেই আমরা এগোতে পারবো।” বর্তমানে দুর্যোগ ব্যবস্থাপনা, শান্তিরক্ষা, প্রশিক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশ পরস্পরকে সহযোগিতা দিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন লেফটেন্যান্ট জেনারেল উইয়ারসিনস্কি। তিনি বলেন, “দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে বাংলাদেশের কাছ থেকে আমরা শিখতে পারি। বাংলাদেশও আমাদের সহায়তা পেতে পারে।” মুসলিমদের বিষয়ে জেনারেল উইয়ারসিনস্কি জানান, তিনি সারাজীবন মুসলিমদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আল-কায়েদা ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। “কুয়েতে ইরাকের আগ্রাসন ঠেকাতে আমি লড়েছি। এরপর আমি ইরাকে গিয়ে আল কায়েদার বিরুদ্ধে মুসলিমদের সঙ্গে নিয়ে যুদ্ধ করেছি। আমরা আফগানিস্তানেও সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়েছি।” ইরাক ও আফগানিস্তানে ভালো কিছু মুসলিম বন্ধু থাকার কথা জানিয়ে এই মার্কিন সেনা কর্মকর্তা বলেন, “আমাদের যুদ্ধ মুসলিমদের বিরুদ্ধে নয়। আমি মনে করি, আমরা আল-কায়েদা ও সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে মুসলিমদের সঙ্গে নিয়ে যুদ্ধ করছি।” কেনটাকির ফোর্ট ক্যাম্পবেলের ভারপ্রাপ্ত সিনিয়র কমান্ডার উইয়ারসিনস্কি ১৯৮৯-৯০ সালে পানামায় ‘অপারেশন জাস্ট কজ’, ২০০১-০২ সালে আফগানিস্তানে ‘অপারেশন এনডিউরিং ফ্রিডম’ ও অপারেশন অ্যানাকোন্ডা এবং ২০০৬-০৭ সালে ইরাকে ‘অপারেশন ইরাকি ফ্রিডম’-এ অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/কিউএইচ/জেকে/১৬৫৯ ঘ.