২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাঁশ দেছো, এহন ছবি তুইল্লা কী অবে’

পটুয়াখালীতে যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচির ছবি তোলায় সাংবাদিকদের এক জেলা আওয়ামী লীগ নেতা ‘তিরস্কার’ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2012, 12:58 PM

Updated : 24 Aug 2022, 10:56 AM

পটুয়াখালী, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীতে যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচির ছবি তোলায় সাংবাদিকদের এক জেলা আওয়ামী লীগ নেতা ‘তিরস্কার’ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অবশ্য অভিযুক্ত পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আলমগীর হোসেন দাবি করেছেন, তিনি হাস্যরস করতে গিয়েই বিভিন্ন কথা বলেছেন। শুক্রবার সকালে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধনের আয়োজন করে ১৪ দল। জেলার তিন শতাধিক নেতাকর্মী এতে অংশ নেন। ঘটনার বর্ণনা দিয়ে দৈনিক ভোরের কাগজ ও মোহনা টেলিভিশনের পটুয়াখালী প্রতিনিধি মোহাম্মদ শহিদুল আলম বলেন, “জেলা জাসদের সাধারণ সম্পাদক শ. ম দেলোয়ার হোসেন দিলীপ শুভেচ্ছা বক্তব্য রাখার সময় সাংবাদিকরা ছবি তুলতে যায়। এ সময় কাজী আলমগীর সাংবাদিকদের উদ্দেশ্যে কটুক্তি করে বলতে থাকেন- ‘তোমারতো আওয়ামী লীগের ক্ষতি করার জন্য বহু বাঁশ দেছো, এহন আর ছবি তুইল্লা কী অবে’।” এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল হক তালুকদার, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক খান মোশাররফ হোসেন, ধর্মপ্রতিমন্ত্রীর ছেলে তারিকুজ্জামান মনি তার পাশেই দাঁড়ানো ছিলেন। উপস্থিত অন্যান্য সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেও একই ভাষ্য পাওয়া গেছে। এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নূরুল হক তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওটা আলমগীর হোসেন হাসতে হাসতে বলছেন। ওই সময় আমি তাকে বারণ করেছি। এ ধরনের কথা তুমি কেন বলো।” আ.লীগ নেতার এমন বক্তব্যকে ‘দুঃখজনক’ উল্লেখ করে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বারেক হাওলাদার বলেন, “এমন একটি কর্মসূচি চলাকালে এ কথা বলা তার ঠিক হয়নি। যে কোন কথাই স্থান-কাল-পাত্র ভেদে বলা উচিত।” তবে সাংবাদিকদের উদ্দেশ্য করে বলা ওই বক্তব্য ‘রসের কথা ছিলো’ বলে দাবি করেন আলমগীর। তিনি বলেন, “ওটা ছিলো আমার রসের কথা।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৮৫৪ ঘ.