২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাট্যকার মমতাজউদ্দীন আহমদ হাসপাতালে

নাট্য ব্যক্তিত্ব ও জাতিসংঘে বাংলাদেশ মিশনের কালচারাল মিনিস্টার মমতাজউদ্দীন আহমদ গুরুতর অসুস্থ অবস্থায় নিউইয়র্ক ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2012, 05:20 AM

Updated : 24 Aug 2022, 10:56 AM

লাবলু আনসার নিউ ইয়র্ক থেকে নিউ ইয়র্ক, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাট্য ব্যক্তিত্ব ও জাতিসংঘে বাংলাদেশ মিশনের কালচারাল মিনিস্টার মমতাজউদ্দীন আহমদ গুরুতর অসুস্থ অবস্থায় নিউইয়র্ক ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি হয়েছেন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত কিছুদিন ধরেই অধ্যাপক মমতাজউদ্দীনের স্বাস্থ্যের অবস্থা ভালো যাচ্ছে না। ৭ মার্চ স্মরণে বাংলাদেশ মিশনে অনুষ্ঠান চলাকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ৭৭ বছর বয়স্ক এই নাট্যকারকে সপ্তাহখানেক আগেও একবার হাসপাতালে নিতে হয়েছিল বলে জানান মোমেন। বাংলাদেশ মিশনের প্রেস সচিব মামুনুর রশীদ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চিকিৎসকরা জানিয়েছেন, উনার রক্তে সংক্রমণ দেখা দিয়েছে। মলের সঙ্গে রক্ত যাচ্ছে।” অধ্যাপক মমতাজউদ্দীন এর আগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানের পরও অসুস্থ হয়ে পড়েছিলেন বলে রাষ্ট্রদূত মোমেন জানান। ১৯৯৭ একুশে পদক জয়ী এই নাট্যকারের জন্ম ১৯৩৫ সালে সালের ১৮ জানুয়ারি চাঁপাই নবাবগঞ্জের ভোলাহাটে। ছাত্রজীবনে বাম রাজনীতির সঙ্গে জড়িয়ে ভাষা আন্দোলনসহ বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনেও সক্রিয় ছিলেন। বিভিন্ন সরকারি কলেজে ৩২ বছর বাংলা ভাষা ও সাহিত্য এবং বাংলা ও ইউরোপীয় নাটক বিষয়ে শিক্ষকতা করার পাশাপাশি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যসূচি প্রণয়নেও কাজ করেছেন মমতাজউদ্দীন। মঞ্চ ও টেলিভিশনে অভিনয়ের পাশাপাশি লিখেছেন নাটক, উপন্যাস, প্রবন্ধ ও কলাম। তার লেখা নাটক ‘কি চাহ শঙ্খচিল’ এবং ‘রাজা অনুস্বরের পালা’ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পাঠ্য তালিকাভুক্ত। বাংলা নাটকে অবদানের স্বীকৃতি হিসাবে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার, শিশু একাডেমী পুরস্কারসহ বহু সম্মাননা পেয়েছেন তিনি। মমতাজউদ্দীন আহমদের এক ছেলে ক্যানাডায় এবং দুই ছেলে ও এক মেয়ে যুক্তরাষ্ট্রে থাকেন। নিউ ইয়র্কে বাংলাদেশ মিশনের কালচারাল মিনিস্টারের দায়িত্ব নিয়ে তিনি নিজেও গত তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। প্রেস সচিব মামুনুর রশীদ বলেন, “অধ্যাপক মমতাজউদ্দীনের আরোগ্য কামনায় পরিবারের সদস্যরা সবার কাছে দোয়া চেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১১১০ ঘ.