২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ: সরকারদলীয় সাংসদরা ক্ষুব্ধ

বিদ্যুতের লোডশেডিং নিয়ে সরকারদলীয় সাংসদরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রী-প্রতিমন্ত্রী উপদেষ্টাকে ঘিরে। জবাবে ডেপুটি স্পিকার বলেছেন, ধৈর্য ধরতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2012, 04:22 PM

Updated : 24 Aug 2022, 10:56 AM

ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুতের লোডশেডিং নিয়ে সরকারদলীয় সাংসদরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রী-প্রতিমন্ত্রী উপদেষ্টাকে ঘিরে। বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদে সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে ৩০০ বিধিতে বিবৃতি দাবি করেন সাংসদরা। সংসদের বৃহস্পতিবারের অধিবেশনে দেশের সাম্প্রতিক বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে এক অনির্ধারিত আলোচনায় মহাজোট সাংসদরা এ কথা বলেন। নির্ধারিত আলোচনার এক পর্যায়ে তোফায়েল আহমেদ সরকারের তিন বছরের মেয়াদে নিজের নির্বাচনী এলাকায় বিদ্যুৎকেন্দ্র স্থাপন না হওয়া এবং দেশের সার্বিক বিদ্যুৎ সমস্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। সংসদে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের অনুপস্থিতির বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “৪৭ জন মন্ত্রী-প্রতিমন্ত্রীর মধ্যে সংসদে এখন উপস্থিত আছেন তিন জন মন্ত্রী ও চার জন প্রতিমন্ত্রী। বিদ্যুৎ প্রতিমন্ত্রীও সংসদে নেই। কার কাছে কথা বলব?” “আমরা সরকারি দল করি- এ জন্যে কিছু বলতে পারি না। কিন্তু এলাকায় গেলে বিদ্যুৎ-গ্যাস সমস্যা নিয়ে জনগণ জানতে চায়।” নির্বাচিত জনপ্রতিনিধি না হওয়ায় উপদেষ্টাদের জনগণ ও সংসদের কাছে জবাব দিতে হয় না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের তোফায়েল। “বিদ্যুৎ উপদেষ্টা- তাকে তো কৈফিয়তই দিতে হয় না। তার কথার বাইরে মন্ত্রণালয় চলে না। আমি আগেও বলেছি- বিদ্যুৎ মন্ত্রণালয় কে চালায়?” জাতীয় সমাজতান্ত্রিক দলের মইনুদ্দিন খান বাদল বলেন, “পুরো অর্থনীতি চাপের মধ্যে পড়েছে বিদ্যুতের কারণে।” “আমি বিদ্যুৎ মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা এবং উপদেষ্টার পেছনের উপদেষ্টাদের বলতে চাই- ২০ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়ার পরও আমরা আপনাদের কোনো কথা শুনতে চাই না।” “আপনাদের কাজ করে দেখাতে হবে। যদি না পারেন- তাহলে সাংসদরা আপনাদের আরো কঠোরভাবে ধরবে।” গাইবান্ধা-৫ আসনের সাংসদ ফজলে রাব্বি মিয়া বুধবার সকালে বিদ্যুৎ না থাকায় তার নিজের দূরবস্থার কথা তুলে ধরে বলেন, “সকালে বিদ্যুৎ ছিল না। যার কারণে পানি তুলতে না পেরে বাথরুম ব্যবহার করতে পারিনি, গোসল করতে পারিনি।” “প্রধানমন্ত্রী ক্ষমতায় এসে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করেছেন। তা কোথায়? এত বিদ্যুৎ যাচ্ছে কোথায়? বিদ্যুৎ উৎপাদিত হওয়ার পরও এত লোডশেডিং হচ্ছে কেন?” “কৃষকদের ছয় ঘণ্টা বিদ্যুৎ দেওয়ার কথা বলে তিন ঘণ্টা বা দেড় ঘণ্টা করে দেওয়া হচ্ছে।” “আমরা মানুষের কাছে আর প্রশ্নবিদ্ধ হতে চাই না। তাই বিদ্যুতের অবস্থা কী তা জানাতে এই মহান সংসদে মন্ত্রীর কাছে ৩০০ বিধিতে বিবৃতি দাবি করছি।” নওগাঁ-১ আসনের সাংসদ সাধন চন্দ্র মজুমদার বলেন, “সেচ মওসুমে কৃষকদের রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত নিরবচ্ছিচন্ন বিদ্যুৎ দেওয়ার কথা থাকলেও রাত ২টা-৩টার দিকে বিদ্যুৎ দেওয়া হয়। আবার সকাল ৬টা বা ৬টার আগে বিদ্যুৎ চলে যায়।” “বিদ্যুতের কারণে দিন দিন ধানের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এ পরিস্থিতি চলতে থাকলে কৃষকরা ধান বাঁচাতে পারবে না।” মানিকগঞ্জ-১ আসনের সাংসদ এ বি এম আনোয়ারুল হক বলেন, “বিদ্যুতের অভাবে গত বোরো মওসুমে কৃষকরা পল্লী বিদ্যুত অফিস ভাংচুর করতে গেলে আমি নিজে থেকে তা রক্ষা করি। কিন্তু এবার যেটা শুরু হয়েছে তাকে কৃষকরা যে কোনো সময়ে ক্ষুব্ধ হয়ে বিদ্যুৎ অফিসে আক্রমণ করে বসতে পারে।” নওগাঁ-৪ আসনের সাংসদ এমাজ উদ্দিন প্রামানিক বিদ্যুৎ নিয়ে অন্যান্য সদস্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন, “আমার নির্বাচনী এলকার সমস্যা অন্যদের থেকে এক ডিগ্রি বেশি। পাওয়ার গ্রীড কোম্পানী বাংলাদেশের মাধ্যমে বিদ্যুৎ সরবকরাহ করা হয়। এর ব্যবস্থাপনার ত্র“টির জন্য বিদ্যুৎ সংকট অন্যদের চেয়ে এখানে বেশি।” সংসদ সদস্যদের এসব বক্তব্যের জবাবে ডেপুটি স্পিকার শওকত আলী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের ‘ধৈর্য ধারণ’ করতে বলেছেন। ডেপুটি স্পিকারের সভাপতিত্বে বেসরকারি দিবসের সিদ্ধান্ত প্রস্তাব নিষ্পত্তির পরপরই উল্লেখিত সাংসদরা বিদ্যুৎ সংকট নিয়ে কথা বলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/পিডি/২২১৭ ঘ.