২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ শান্তিরক্ষীদের জন্য সমন্বিত প্রশিক্ষণের পরামর্শ

বিশ্বের নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘ শান্তিরক্ষীদের জন্য উন্নত ও সমন্বিত প্রশিক্ষণের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2012, 02:39 PM

Updated : 24 Aug 2022, 10:56 AM

ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বের নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘ শান্তিরক্ষীদের জন্য উন্নত ও সমন্বিত প্রশিক্ষণের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজেন্দ্রপুর সেনানিবাসে বৃহস্পতিবার জাতিসংঘ শান্তিরক্ষা অপারেশনের বহুজাতিক অনুশীলন ‘শান্তিদূত-৩’ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই আহবান জানান। শেখ হাসিনা বলেন, “শান্তিরক্ষীরা তাদের দায়িত্ব পালনকালে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এ চ্যালেঞ্জ মোকাবেলায় আরো দক্ষতা প্রয়োজন। এজন্য তাদেরকে উন্নত প্রশিক্ষণ দিতে হবে।” গ্লোবাল পিস অপারেশন ইনিশিয়েটিভের (জিপিওআই) আওতায় বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক কমান্ড (ইউএসপিএসিওএম) রাজেন্দ্রপুর সেনানিবাসে তিন সপ্তাহের এই অনুশীলনের আয়োজন করেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিষয়ক উপসহকারী মন্ত্রী জেমস এ শিয়ার, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনা, সেনাবাহিনী প্রধান জেনারেল মো. আবদুল মুবীন এবং বাংলাদেশ ইন্সটিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের (বিআইপিএসওটি) কমান্ডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল আবুল বাশার ইমামুজ্জামান অনুষ্ঠানে বক্তব্য রাখেন। যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসগরীয় অঞ্চলের সেনাবাহিনীর কমান্ডিং জেনারেল লেফটেনেন্ট জেনারেল ফ্রান্সিস উইরসিনস্কি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। একটি আধুনিক সামরিক বাহিনী গড়ে তুলতে সরকারের উদ্যোগের কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, প্রতিটি বাহিনীতে নতুন সাজ-সরঞ্জাম যুক্ত হয়েছে এবং সেনাবাহিনীর সক্ষমতা বাড়ানো হয়েছে। বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৪৮ সাল থেকে এ পর্যন্ত জাতিসংঘের ৬৬টি শান্তিরক্ষা মিশনের মধ্যে বাংলাদেশ ৪৫টিতে অংশ নিয়েছে। বর্তমানে বাংলাদেশের শান্তিরক্ষীরা ১১টি দেশে নিয়োজিত রয়েছে। ১৯৮৮ সালে বাংলাদেশ প্রথম জাতিসংঘের ইরান-ইরাক পর্যবেক্ষণ মিশনে অংশ নেয়। তখন থেকে বাংলাদেশ শান্তিরক্ষা অপারেশন ও শান্তি প্রতিষ্ঠাসহ বহুমাত্রিক কার্যক্রমে অংশ নিচ্ছে। বাংলাদেশের শান্তিরক্ষীদের সততা, একাগ্রতা, নিষ্ঠা ও দক্ষতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন, বর্তমান ও ভবিষ্যত শান্তিরক্ষীরা প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বাড়াবেন এবং দেশের মুখ উজ্জ্বল করবেন। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় এ পর্যন্ত বাংলাদেশের ১০৩ জনের প্রাণ হারানোর তথ্য জানিয়ে তাদের স্মরণ করে তিনি বলেন, “বিশ্বশান্তি প্রতিষ্ঠায় আমরা এ ত্যাগ স্বীকার করেছি।” প্রধানমন্ত্রী বলেন, শান্তিরক্ষায় এখন নতুন মাত্রা যুক্ত হয়েছে। এখন শান্তিরক্ষীদের বিভিন্ন ভৌত, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবেশে দায়িত্ব পালন করতে হয়। “তারা সমস্যাসঙ্কুল দেশগুলোর অভ্যন্তরীণ অস্থিরতা নিরসন করছেন। পাশাপাশি তারা বেসামরিক জনগোষ্ঠীর নিরাপত্তা প্রদান, মানবাধিকার ও আইনের শাসন নিশ্চিত করা, নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো, নির্বাচনে সহায়তা দেওয়া, পরিবেশ সুরক্ষা, নারী ও শিশুর যতœ, মাইন অপসারণ ও নিরস্ত্রীকরণের দায়িত্বও পালন করছেন,” বলেন তিনি। প্রধানমন্ত্রী এ ধরনের অনুশীলন আয়োজনের জন্য যুক্তরাষ্ট্রের প্যাসিফিক কমান্ড, বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংকে অভিনন্দন জানান। জাতিসংঘ পিস সাপোর্ট অপারেশন প্রশিক্ষণে সক্ষমতা গড়ে তুলতে যুক্তরাষ্ট্র সরকারের সমর্থন ও সহায়তার কথাও উল্লেখ করেন শেখ হাসিনা। অনুষ্ঠানে মন্ত্রিসভা সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, নৌবাহিনী প্রধান ও বিমানবাহিনী প্রধান, কূটনীতিক, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২০৩৪ ঘ.